টানা ২৫ দিন তবলা বাজিয়ে রেকর্ড গড়লেন সুদর্শন
২৫ দিন আগে সুদর্শন যখন তবলা বাজানো শুরু করতে যাচ্ছিলেন, তখন তাঁর চোখেমুখে ছিল অস্থিরতা আর আতঙ্কের ছাপ। সেই সুদর্শনের মুখে এখন অসাধ্যসাধনের উচ্ছ্বাস। বিশ্ব রেকর্ড গড়তে লন্ডনে টানা ২৫ দিন তবলা বাজানো শেষ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুদর্শন দাশ।
পূর্ব লন্ডনের ম্যানর পার্ক এলাকার শিভা মুনেতা সঙ্গম (ইউকে) মিলনায়তনের একটি কক্ষে গত ২৭ নভেম্বর বিকেল চারটা থেকে বাজানো শুরু করেন সুদর্শন। আর থামাথামি নেই। গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটায় তাঁর ২৫ দিন বাজানো সম্পন্ন হয়। এ সময়ের মধ্যে তিনি মোট ৫৬০ ঘণ্টা তবলা বাজিয়েছেন। তবে গিনেস বুক অব রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে সুদর্শনকে আরও অপেক্ষা করতে হবে। তবলা বাজানোর ভিডিও চিত্র যাচাই-বাছাই এবং আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানাবে। এ জন্য দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে।
হাতে বাদ্যযন্ত্র বাজানোর এত দিনের রেকর্ডটি ৫০১ ঘণ্টার। সেই রেকর্ড ভারতের কুজলমান্নাম রামাকৃষ্ণান নামের এক ব্যক্তির দখলে। ভারতের কেরালায় ২০০৯ সালের ৫ জুলাই থেকে ২৬ জুলাই টানা মৃদঙ্গ বাজিয়ে তিনি ওই রেকর্ড গড়েন। গিনেস বুকের স্বীকৃতি মিললে সুদর্শনের শুধু আগের রেকর্ডটিই ভাঙা হবে না, দীর্ঘ সময় ধরে হাতে বাদ্যযন্ত্র বাজানোর রেকর্ডটি পৌঁছে যাবে নতুন উচ্চতায়।
আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়ে তুমুল আত্মবিশ্বাসী সুদর্শন। গতকাল বৃহস্পতিবার টেলিফোনে প্রথম আলোকে তিনি বলেন, গত সোমবারই তিনি ৫০১ ঘণ্টা বাজানো অতিক্রম করে আগের রেকর্ডটি ভেঙেছেন। কিন্তু গিনেস রেকর্ডসের শর্ত অনুয়ায়ী তাঁকে ২৫ দিন বাজাতে হয়েছে। তিনি বলেন, বাজানোর শর্ত অনুযায়ী প্রয়োজনীয় কাজ সারতে প্রতিদিন ২ ঘণ্টা করে ২৫ দিনে মোট ৫০ ঘণ্টা বিরতি নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তিনি বিরতি নিয়েছেন মাত্র ৪০ ঘণ্টা।
টানা ২৫ দিন তবলা বাজানোর অভিজ্ঞতা বর্ণনা করে সুদর্শন বলেন, এটা মোটেও সহজ কাজ ছিল না। এ কাজে তাঁর আত্মবিশ্বাসটাই ছিল বড়।