টানা ৪০ দিন ধরে আদালত বর্জন
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি টানা ৪০ দিন ধরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত বর্জন করে আসছে। ফলে ওই আদালতের বিচারপ্রার্থী মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিচার না পেয়ে বাদী-বিবাদী আদালতে শুধু হাজিরা দিয়ে ফিরে যাচ্ছেন।জানা গেছে, গত ১০ জুলাই মামলা পরিচালনার জন্য জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুমার শিপন মোদকের আদালতে বসে ছিলেন আইনজীবী সুশান্ত কুমার মোহন্ত। এ সময় তাঁর মুঠোফোনটি বেজে ওঠে। এ ঘটনায় বিচারক কুমার শিপন মোদক আদালতে কর্মরত পুলিশ দিয়ে ওই আইনজীবীর মুঠোফোনটি জব্দ করেন। ঘটনাটি সুশান্ত কুমার মোহন্ত আইনজীবী সমিতিতে পরের দিন লিখিতভাবে জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ জুলাই সমিতির সাধারণ সভা ডাকা হয়। সভায় ওই বিচারককে প্রত্যাহার না করা পর্যন্ত তাঁর আদালত বর্জনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আশরাফ আলী জানান, ওই হাকিমকে প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত আইনজীবীদের সেখানে যাওয়ার সুযোগ নেই।