টানা ৭২ দিন ধরে আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৭২ দিন ধরে আদালত বর্জন করছেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুন-অর-রশিদ একজন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবিতে তাঁর আদালত বর্জন করা হচ্ছে। আইনজীবী সমিতির নেতারা জানান, ‘আমরা বিষয়টি আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের রেজিস্টারকে লিখিতভাবে জানিয়েছি।’জেলা আইনজীবী সমিতির সভাপতি কানাই লাল বিশ্বাস বলেন, ‘৯ জুলাই অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুন-অর-রশিদ আদালত চলাকালে জেলা আইনজীবী সমিতির সদস্য সরোয়ার হোসেনের সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়ে তাঁর আদালত বর্জন শুরু করি। পরে সভা করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা ও প্রত্যাহারের দাবি জানাই।’ তিনি আরও বলেন, ‘জেলা জজ নূর মোহাম্মদ মোড়লের পরামর্শে আইনজীবীদের সঙ্গে সমিতির মিলনায়তনে ২৪ আগস্ট বেলা একটায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ দিন সকাল ১০টার দিকে আমি নিজে (সভাপতি) ও সাধারণ সম্পাদক সৈয়দ মজিবর রহমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুন-অর-রশিদের সঙ্গে দেখা করে সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। তিনি সভায় যেতে না চাইলে বিষয়টি সমিতির সদস্যদের জানাই। এতে আইনজীবীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ ও সভা করেন। ওই দিনের সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক সৈয়দ মজিবর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) আকরাম হোসেন, সরকারি কৌঁসুলি মতিউর রহমান, প্রবীণ আইনজীবী চণ্ডিচরণ পাল, আ. হাকিম হাওলাদার, এম এ জব্বার, সাবেক সভাপতি সরদার ফারুক আহম্মেদ ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন খান বলেন, ‘আমাদের এক সহকর্মীর সঙ্গে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হারুন-অর-রশিদ খারাপ ব্যবহার করেছেন। এর প্রতিবাদে আমরা আন্দোলন করে আসছি। গত ১৪ সেপ্টেম্বর আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ আমরা কয়েকজন ঢাকায় গিয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও সুপ্রিম কোর্টের রেজিস্টারের সঙ্গে দেখা করি। আমরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ হারুন-অর-রশিদের বিরুদ্ধে করা কার্যবিবরণী (রেজ্যুলেশন) তাঁদের কাছে দিয়েছি।’ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুন-অর-রশিদ এর আগে সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমি কোনো অন্যায় করিনি।’