টানা ৯ দিনের ছুটির পর কর্মব্যস্ত হচ্ছে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটি শেষে কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। ছবিটি সকালে শিক্ষা ভবন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
ছুটি শেষে কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। ছবিটি সকালে শিক্ষা ভবন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

ঈদের ছুটি শেষে গত শুক্রবার থেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। আজ থেকে ঢাকামুখী মানুষের ভিড় আরও বেড়েছে। অন্যদিকে ঈদের ছুটির পর রোববারই প্রথম খুলেছে ঢাকার অফিসপাড়া। সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা যোগদান করেছেন কর্মক্ষেত্রে। ধীরে ধীরে আবার চিরচেনা ব্যস্ততায় ফিরে যাচ্ছে ঢাকা।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা ফয়সাল আহমেদের দিনটি আজ ঈদের শুভেচ্ছা বিনিময়ে কেটেছে। সহকর্মীদের সঙ্গে ঈদের পর প্রথম দেখা হওয়ায় কথা হয়েছে উৎসবের দিনটি কীভাবে কেটেছে তা নিয়ে। তিনি বলেন, ‘আজ কাজের চাপ কিছুটা কম ছিল। সবার সঙ্গে ঈদ নিয়েই কথা হয়েছে বেশি। তবে আলোচনায় দেশের বর্তমান পরিস্থিতিও বাদ যায়নি।’

উত্তরার বাসিন্দা মাহমুদা আক্তার গ্রাফিকস ডিজাইনার হিসেবে কাজ করেন। ঈদের পর প্রথম কর্মদিবসে তিনি সহকর্মীদের জন্য বিশেষ খাবার রান্না করে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ঈদ এবার ঢাকাতেই কাটিয়েছেন। কিন্তু সহকর্মীরা প্রায় সবাই ঢাকার বাইরে চলে যাওয়ায় দেখা হয়নি কারও সঙ্গে। রোববার তাই কাজের ফাঁকে ফাঁকে আড্ডা হয়েছে বেশ।

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার ছিল প্রথম কার্য দিবস। ছবিটি সকালে শিক্ষা ভবন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার ছিল প্রথম কার্য দিবস। ছবিটি সকালে শিক্ষা ভবন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

এদিকে ঈদের দুই দিন পর ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলতে বেশি দেখা গেছে। তবে গণপরিবহনের সংখ্যা এখনো কিছুটা কম। নিউমার্কেট, শাহবাগ ও কারওয়ান বাজার মোড়ে বাসের অপেক্ষায় অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পেশায় ব্যাংকার মো. আরিফুল হক বলেন, সময়মতো বাস না পেয়ে শেষে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে অফিসে গেছেন তিনি। মিটারে গেলেও অটোরিকশার চালককে কিছু টাকা বখশিশ দিতে হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার থেকেই ক্লাস শুরু হয়েছে। একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ইমরানা রহমান বলেন, প্রথম দিন শিক্ষার্থীদের মধ্যেও ছিল ঈদের আমেজ। সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনিও। তবে কিছুদিনের মধ্যেই শ্রেণির জন্য নির্ধারিত পরীক্ষা শুরুর কথা থাকায় পাঠ্যসূচি নিয়ে তাঁকে ব্যস্ত সময় পার করতে হয়েছে।

আপনজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ছবিটি আজ রোববার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
আপনজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ছবিটি আজ রোববার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান অবশ্য এখনো পুরোপুরি খোলেনি। বিভিন্ন শপিং মলেও চলছে ঈদের ছুটি। আবার অনেক মার্কেট খোলা থাকলেও ব্যবসায়ীরা দোকান খুলতে দেরি করছেন। ঈদের পরপর বিক্রি তেমন হয় না বলেই এমন সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছেন কয়েকজন ব্যবসায়ী।

তবে যথারীতি ভিড় আছে খাবারের দোকানসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে। সীমান্ত স্কয়ারের সামনের খাবারের দোকানগুলো যেমন ঈদের দিন থেকেই খোলা আছে। এ ছাড়া বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, বলাকা, মধুমিতাসহ বিভিন্ন সিনেমা হলেও মানুষের ভিড় রয়েছে দেখার মতো।