টানাটানির সংসারেও আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও রেলগেটের জোড় পুকুর মহল্লার বেগম রোকেয়া স্মৃতি পাঠাগারের একটি দৃশ্য। বৃহস্পতিবার বিকেলে ছবিটি তোলা l প্রথম আলো
রাজধানীর খিলগাঁও রেলগেটের জোড় পুকুর মহল্লার বেগম রোকেয়া স্মৃতি পাঠাগারের একটি দৃশ্য। বৃহস্পতিবার বিকেলে ছবিটি তোলা l প্রথম আলো

খিলগাঁও রেলগেট থেকে জোড় পুকুর মাঠের দিকে গেলে অনেকেরই দৃষ্টিগোচর হবে বেগম রোকেয়া স্মৃতি পাঠাগারের ছোট্ট সাইনবোর্ডটি। তবে মহল্লার বাসিন্দাদের অনেকেই পাঠাগারটির নাম শুনেছেন, কিন্তু অবস্থান ঠিক কোথায় বলতে পারলেন না। মহল্লাবাসীর এ রকম ধন্দে পড়ার কারণ হতে পারে ঠিকানা পরিবর্তন।
২০০৭ সালে মহল্লার তরুণদের উদ্যোগে পাঠাগারটির যাত্রা যখন শুরু হয়, তখন এর ঠিকানা ছিল ৪২৬ নম্বর বাড়িতে। পরে পাঠাগারটি চলে আসে ৪৮০/সি নম্বর বাড়ির নিচতলায়। খুব শিগগির আবারও বদল হবে ঠিকানা।
গত সোমবার পাঠাগারের অন্যতম উদ্যোক্তা রাহাত আহমেদ বললেন, ‘যেকোনো পাঠাগারের অবস্থান প্রধান সড়কের পাশে হওয়া বাঞ্ছনীয়। আমাদের পাঠাগারটিও সে রকম জায়গায় ছিল। অর্থাভাবই আমাদের টেনে রেখেছে। কী করব!’
একটি বামপন্থী ছাত্রসংগঠনের স্থানীয় কর্মীদের প্রচেষ্টায় পাঠাগারটির যাত্রা শুরু। সেই আন্দোলনে আরও ছিলেন সাদরুল হাসান, প্রণবেন্দু দেব রায়, বিদিতা মণ্ডল, আফজাল রানা। তাঁরা মনে করেছিলেন, বই পড়ার অভ্যাস না থাকলে জাতীয় চেতনার জাগরণ কখনোই সম্ভব নয়।
এই চিন্তা থেকেই কাজ শুরু হলো। কেউ দিলেন সামান্য নগদ অর্থ, কেউ দিলেন বই। সব মিলিয়ে ৫০০ বই নিয়ে পথচলা শুরু রোকেয়া স্মৃতি পাঠাগারের। এরপরে বিভিন্ন সময়ে কিছু বই কেনা, কিছু বই সংগ্রহের পর এখন সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৮০০। এর মধ্যে আছে সাহিত্য, দর্শন, বিজ্ঞান ও ইতিহাসের বই। রয়েছে অর্থনীতি, বিদেশি উপন্যাসের অনুবাদও।
রাহাত আহমেদ বললেন, নারী শিক্ষার বিস্তারে বেগম রোকেয়ার অসামান্য অবদানের প্রতি সম্মান দেখিয়ে তাঁর নামেই এই পাঠাগারের নামকরণ করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেল, সত্যিই বেশ ক্ষুদ্র পরিসরে চলছে পাঠাগারটি। কয়েকটি তাকে সাজানো বইগুলো। বেশ পুরোনো হয়েছে। কয়েকটা মাত্র চেয়ার-টেবিল। চারপাশে একটা মলিন পরিবেশ। পাঠকসংখ্যাও বেশ কম। প্রতিদিন চার-পাঁচজন করে আসেন। তবে কেউ কেউ বই বাসায় নিয়ে যান।
কেমন বই পাঠকেরা বেশি পড়েন—জানতে চাইলে পাঠাগার পরিচালনা কমিটির সদস্য কলেজছাত্র ডালিম আল মামুন বললেন, পাঠকদের মধ্যে যেহেতু স্কুলের ছাত্ররা বেশি, তারা বিজ্ঞানের বই বেশি খোঁজে। এ ছাড়া শরৎচন্দ্রের অধিকাংশ বই পাঠকেরা বাসায় নিয়ে পড়ে। এ ছাড়া মুক্তিযুদ্ধ কিশোর উপন্যাসমালা বইটিও বেশি চলে।
এই পাঠাগারে স্থায়ী সদস্য ৪৩ জন, যাঁরা নিয়মিত চাঁদা দেন। এ ছাড়া তাঁদের সুপারিশে আরও ৫০ জন সাধারণ সদস্য বই নিয়ে পড়তে পারেন।
পাঠাগারটির বৈশিষ্ট্য কী—জানতে চাইলে পাঠক ও খিলগাঁও মডেল কলেজের হিসাববিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র অনিক কুমার দাস বললেন, বই পড়ার পর সবাই মিলে আলোচনা হয়। আড্ডা হয়। এতে বিষয়গুলো সহজে বোঝা যায়। এ ছাড়া মাসে দুটো পাঠচক্র হয়।
বর্তমান পাঠাগারকক্ষটির ভাড়া সাড়ে তিন হাজার টাকা। পুরোনো সদস্যদের চাঁদায় মেটানো হয় এ ব্যয়ভার। মহল্লার সচ্ছল স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খুব বেশি সাড়া মেলে না। সরকারের গণগ্রন্থাগারে নিবন্ধিত নয় বলে জোটে না কোনো সহায়তাও।
রাহাত আহমেদ বলছিলেন, পাঠাগার পরিচালনার মধ্যে আনন্দ আছে। বিভিন্ন দিবসে মহল্লায় তাঁরা যেসব অনুষ্ঠানের আয়োজন করেন, তাতে বেশ সাড়া মেলে। পাড়ার লোকেরাও তাঁদের ভালো ছেলে বলে জানে। এই যা তৃপ্তি!