টাম্পাকো অগ্নিকাণ্ড বয়লার বিস্ফোরণ থেকে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা বয়লার বিস্ফোরণ থেকে ঘটেনি বলে ধারণা করছে শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
কমিটির প্রধান শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দাবিরুল ইসলাম গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের বলেন, টাম্পাকোর অগ্নিকাণ্ড ও ভবনধসের পরও কারখানার দুটি বয়লারই অক্ষত রয়েছে। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণ অন্য কিছু থেকে ঘটেছে। তবে চূড়ান্ত তদন্তের পরই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। এক সপ্তাহের মধ্যেই তাঁদের তদন্তকাজ শেষ হবে।
তদন্ত কমিটির চার সদস্যও ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের প্রধান বয়লার পরিদর্শক মো. আবদুল মান্নান বলেন, সবাই যেটা বলছে, ফটকের কাছে তিতাসের যে নিয়ন্ত্রণকক্ষ ছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুন প্রথমে কারখানার প্রধান কার্যালয়ে ও পরে পশ্চিম-উত্তরে মূল কারখানার দুটি ভবনে ছড়িয়ে পড়ে।
কিন্তু তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তিতাস গ্যাস থেকে বিস্ফোরণ কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তিতাসের পাইপলাইনে কোনো ছিদ্রও ছিল না। কোম্পানিটির ঢাকা মেট্রো (উত্তর) বিপণন মহাব্যবস্থাপক ও তিতাসের তদন্ত কমিটির প্রধান রানা আকবর হায়দারী বলেন, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রাসায়নিক থেকে ঘটে থাকতে পারে বলে তাঁদের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১০ সেপ্টেম্বর সকালে বিকট শব্দে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডে টাম্পাকো কারখানা ভবন ধসে ৩৯ জন নিহত হন। আহত হন অন্তত ৪০ জন। নিখোঁজ রয়েছেন ১১ জন।
এ ঘটনায় শিল্প মন্ত্রণালয়, তিতাস গ্যাস কোম্পানি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তিতাসের তদন্ত কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। অন্যরা এখনো তদন্ত প্রতিবেদন দেয়নি।
ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. বদিউজ্জামান বলেন, তাঁদের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে আরও সময় লাগবে। এ জন্য সাত কার্যদিবস পার হওয়ার পর আরও ১০ কার্যদিবস সময় বাড়িয়ে নেওয়া হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, গতকালও সেনাসদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে কারখানার ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রাখেন। এ পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ধ্বংসস্তূপ অপসারণ করা হয়েছে।