টাম্পাকোতে দুর্ঘটনা নয়, শ্রমিক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় নিহত ও নিখোঁজের ঘটনাকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ দাবি করে সব শ্রমিককে পুরো জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে সংগঠনটির নেতা-কর্মীরা এ দাবি জানান। তাঁরা শ্রমিক হতাহতের ঘটনায় কারখানার মালিক ও সরকারি কর্মকর্তাদের দায়ী করে শাস্তির দাবি করেন।
গণসংহতি আন্দোলন মহানগর কমিটির নেতা আবু বকর রিপনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, বাচ্চু ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির নেতা দীপক রায়, জান্নাতুল মরিয়ম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, তাজরীন ও রানা প্লাজার মতো টাম্পাকো ফয়েলস কারখানাতেও শ্রমিক নিহত হওয়ার বিষয়টি কোনো দুর্ঘটনা নয়, ‘কাঠামোগত হত্যাকাণ্ড’। প্রাথমিক তদন্তে ইতিমধ্যেই জানা গেছে, টাম্পাকো কারখানায় একটির জায়গায় দুটি বয়লার অবৈধভাবে স্থাপন করা হয়েছে, গ্যাসের চাপ বৃদ্ধির জন্য প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত না করে বুস্টার লাগানো হয়েছে, কারখানার ভেতরেও বিপজ্জনক মিথানল মজুত করে রাখা হয়েছে। এসব বিষয়ে কারখানায় কর্মপরিবেশের নিরাপত্তায় সরকারি তদারকি প্রতিষ্ঠান চরম দায়িত্বহীনতা ও অবহেলার পরিচয় দিয়েছে।
নেতারা অবিলম্বে যথাযথ তদন্তের মাধ্যমে মালিক এবং অবহেলার জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। তাঁরা আরও বলেন, দেশের শ্রম আইন বদল করে ক্ষতিপূরণের টাকার অঙ্ক আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করতে হবে। নিখোঁজ শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের আওতায় আনার এবং আহত শ্রমিকদের চিকিৎসা, পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা।