গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহত তিন শ্রমিকের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে। গতকাল বুধবার নিহত শ্রমিকদের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশগুলো বুঝে নেন।
শনাক্ত হওয়া লাশগুলো হলো কারখানার সহকারী রিয়াজ হোসেন মুরাদ (২১) ও রফিকুল ইসলাম এবং মেশিন অপারেটর রেদোয়ান আহমদ। রিয়াজের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের শিবপুরে, রফিকুলের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরের মেসারা এবং রেদোয়ানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণ কানিসাইলে।
অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের মধ্যে ৩২ জনের এবং আহতদের মধ্যে ৩৯ জনের পরিবারকে আজ বৃহস্পতিবার আর্থিক সহায়তা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে সকাল ১০টায় টঙ্গীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় প্রাঙ্গণে চেক হস্তান্তর করবেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত ৩২ জনের (আগেই শনাক্ত হওয়া) পরিবারের সদস্যদের ২ লাখ টাকা করে, আহত ৪০ জনের মধ্যে ৩০ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে এবং নয়জনের পরিবারপ্রতি ৩৫ হাজার টাকার চেক দেওয়া হবে।
খাদ্য ও কসমেটিক পণ্য মুড়ে রাখার অ্যালুমিনিয়াম ফয়েল প্রস্তুতকারী এই কারখানায় গত ১০ সেপ্টেম্বর সকালে এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ৪২ জন নিহত হন। তাঁদের মধ্যে কারখানার কর্মী ৩৭ জন, পথচারী ৩ জন, ১ জন রিকশাওয়ালা এবং কারখানার লাগোয়া বস্তিতে বসবাসকারী ১৪ বছরের এক কিশোর রয়েছে। আহত হন কমপক্ষে ৪০ জন। ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়দায়িত্ব নিরূপণে শিল্প মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং গাজীপুর জেলা প্রশাসন আলাদা তিনটি কমিটি করে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
আগুনে পোড়া ৮টি লাশ পরিবার শনাক্ত করতে পারেনি। এরপর লাশগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রধান সহকারী এস এম সোলায়মান তালুকদার প্রথম আলোকে বলেন, ৮টি লাশ শনাক্ত করার জন্য পাঠানো হয়েছিল। এর বিপরীতে আবেদন ছিল ৯টি। একটি লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনটি লাশ শনাক্ত শেষে গতকাল হস্তান্তর করা হয়।
শনাক্ত হওয়া লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তাঁদের স্বজনেরা। রিয়াজ হোসেনের লাশ বুঝে নেন ফুফাতো বোন তানিয়া আক্তার। তিনি বলেন, ‘ছয় মাস ধরে আমরা কাঁদছি। লাশ হয়তো পেলাম। কিন্তু আমরা এই শোক সইব কীভাবে?’
রেদোয়ানের ছোট ভাই সুফিয়ান বলেন, ভাইয়ের লাশ শনাক্ত করতে বাবা রক্ত দিয়েছিলেন। এখন ভাইয়ের এমন লাশ নিয়ে যাচ্ছেন, যা চেনাই যায় না।
রফিকুল ইসলামের লাশ বুঝে নেন স্ত্রী নার্গিস। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনটি পরিবারই জানিয়েছে, লাশগুলো তারা গ্রামের বাড়িতে দাফন করবে।