টাম্পাকো দুর্ঘটনা: আরও এক শ্রমিকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানার আরও এক শ্রমিক আজ মঙ্গলবার বিকেলে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির নাম, হোসেন আহমেদ ওরফে রাসেল (২৬)। তিনি ওই কারখানার একজন শ্রমিক ছিলেন। এ নিয়ে এ ঘটনায় ৩৫ জন মারা গেলেন।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত সত্যতা নিশ্চিত করে বলেন, রাসেল সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামের হাসান আলীর ছেলে। তিনি দুর্ঘটনার দিন গুরুতর দগ্ধ হন। তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত আর তাঁর জ্ঞান ফেরেনি।
এসআই বলেন, রাতে স্বজনেরা তাঁর লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। এ সময় তাঁর বাবার কাছে জেলা প্রশাসনের তরফ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর আগে চিকিৎসার জন্য তাঁকে আরও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল।
গত ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে বিস্ফোরণের ঘটনায় টাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ১১ জন নিখোঁজ আছেন।