টাম্পাকো দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারকে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর টাম্পাকো দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের অনুদান দিয়েছে টঙ্গী বিসিক মালিক কল্যাণ সমিতি। গতকাল শনিবার দুপুরে বিসিকের ডেসকো সাবস্টেশন চত্বরে আনুষ্ঠানিকভাবে এ অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সাংসদ জাহিদ আহসান রাসেল টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় দুর্ঘটনায় নিহত ৩৪ জনের প্রত্যেকের পরিবারকে ২৭ হাজার টাকা, নিখোঁজ শ্রমিকদের মধ্যে ১১ জনের প্রত্যেকের পরিবারকে ২৭ হাজার টাকা ও আহত শ্রমিকদের ৩৫ জনের প্রত্যেককে ১১ হাজার টাকা করে দেন। এ ছাড়া দুর্ঘটনায় নিহত রেডিসন পোশাক কারখানার শ্রমিক (পথচারী) আসমার পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে সাংসদ জাহিদ আহসান বলেন, আসমার পরিবার যেহেতু এ পর্যন্ত কোনো সহায়তা পায়নি, তাই মানবিক দিক বিবেচনা করে তাঁর পরিবারকে ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হলো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিসিকের উপব্যবস্থাপক আবুল বাশার, টঙ্গী বিসিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, টঙ্গী বিসিক মালিক সমিতির সহসভাপতি রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টিউব কারখানার সাবেক সিবিএ সভাপতি আবদুল কুদ্দুস, রাষ্ট্রায়ত্ত অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১০ সেপ্টেম্বর ভোরে টাম্পাকো কারখানায় বিস্ফোরণে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় শ্রমিক হতাহতের অভিযোগে কারখানার মালিককে প্রধান আসামি করে টঙ্গী মডেল থানায় দুটি মামলা করা হয়।