টাম্পাকো মালিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
টঙ্গীর টাম্পাকো ফয়েলসে দুর্ঘটনায় কারখানা ও মালিকের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তবে শ্রমিকদের বেতন, ক্ষতিপূরণ ও কারখানা মেরামতের জন্য ব্যাংক হিসাব থেকে অর্থ তোলা যাবে। কোন খাতে কী পরিমাণ ব্যয় হয়েছে, তা জানিয়ে মালিক কর্তৃপক্ষকে আদালতে প্রতিবেদন দিতে হবে।
আজ সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
টাম্পাকো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে এবং তহবিল সংগ্রহে কারখানা মালিকের ব্যাংক হিসাব জব্দের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে ১৯ সেপ্টেম্বর একটি রিট আবেদন করে তিনটি সংগঠন।
সংগঠন তিনটি হলো বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
রিট আবেদনে আরও কয়েকটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। আবেদনের ওপর শুনানি নিয়ে আজ আদেশ দেন আদালত।
আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শরীফ ভূঁইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী সারা হোসেন ও তানিম হোসেইন। মালিকপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
আরও জানতে পড়ুন: