টাম্পাকোতে ফের দুর্ঘটনার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাম্পাকো কারখানায় সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম সম্পর্কে আজ সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কারখানাটিতে ফয়েল উৎপাদনের জন্য বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হতো। এখানে আনুমানিক ২৫ টন অতিদাহ্য পদার্থ রয়েছে। এতে যেকোনো সময় আরও দুর্ঘটনা ঘটতে পারে। এমন ঝুঁকির মধ্যেই সবকিছু বিবেচনায় নিয়ে উদ্ধারকাজ এগিয়ে চলছে।

ব্রিফিংয়ে আইএসপিআরের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, উদ্ধারকাজ কত দিন চলবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে যথাসাধ্য চেষ্টা করা হবে যাতে এ কাজ দ্রুত সম্পন্ন করা যায়। ঈদের দিনও স্বল্প পরিসরে কাজ অব্যাহত থাকবে।

টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় আজ সকাল সাতটা থেকে সেনাবাহিনী উদ্ধারকাজ শুরু করে। এ পর্যন্ত সেনাবাহিনীর ১০০ জনের বেশি সদস্য ও একটি মেডিকেল দল এ এলাকায় কাজ করছে। বিধ্বস্ত ভবনে কাজ করার জন্য সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং প্যান যেমন এক্সাভেটার, লোডার ড্রাম্পার, ক্রেন ইত্যাদি এবং দুর্যোগ ব্যবস্থাপনার অন্যান্য সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। আজ সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৩-এ দাঁড়িয়েছে।

আইএসপিআরের পরিচালক বলেন, ঘটনাস্থলটি পূর্ব-পশ্চিমে আনুমানিক ৬০০ ও উত্তর-দক্ষিণে ৩০০ ফুট, যার মধ্যে চারটি বড় ভবন রয়েছে। এর মধ্যে তিনটি ভবন ভেঙে পড়েছে। একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ এলাকা পর্যবেক্ষণ করে পূর্ব ও পশ্চিম উভয় দিক থেকে তিনটি স্থান দিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে যে স্থানগুলোতে হতাহতের সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেই স্থানগুলো দিয়েই কাজ শুরু হয়েছে।