টাম্পাকোর উদ্ধার অভিযান সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধসে পড়া টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত এক যৌথ বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মো. আজম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আখতারুজ্জামান প্রমুখ।

গাজীপুরের জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, ‘কারখানায় আর কোনো লাশ না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।’

বৈঠকে কর্মকর্তারা বলেন, টাম্পাকোর ঘটনায় মামলা হয়েছে। মামলা চলমান থাকবে। দীর্ঘ প্রায় এক মাস ধরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধার অভিযান চালিয়েছে। এ পর্যন্ত ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কারখানায় আর কোনো লাশ না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হলো।

গত ১০ সেপ্টেম্বর সকালে অগ্নিকাণ্ডের পর এক ভয়াবহ বিস্ফোরণে টাম্পাকো ফয়েলস কারখানাটি ধসে পড়ে। এ ঘটনায় ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।