টাম্পাকোর ধ্বংসস্তূপ থেকে হাড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ সরাতে গিয়ে আজ বুধবার দুপুরে কিছু হাড় উদ্ধার হয়েছে। এ দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অনেকের মরদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, টাম্পাকো দুর্ঘটনার পর ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজ চলাকালে আজ বেলা সোয়া দুইটার দিকে ওই দেহাবশেষ উদ্ধার হয়েছে।

এর আগে গত সোমবার ওই ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এর মধ্যে একটি মরদেহের সঙ্গে থাকা ডেবিট কার্ড ও কাগজপত্র দেখে স্বজনদের দাবি, লাশটি কারখানার নিখোঁজ অপারেটর চুন্নু মোল্লার। তবে ডিএনএ টেস্টের পর তা নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অন্য দুজনের পরিচয় মেলেনি।

এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে ১০টি মরদেহ। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নিখোঁজের তালিকায় ১১ জনের নাম দিয়েছেন তাঁদের স্বজনেরা। ওই অজ্ঞাত মরদেহ কাদের, এটি শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। এ টেস্ট করতে অন্তত তিন মাস সময় লাগবে।

নিখোঁজ ব্যক্তিদের মরদেহ শনাক্ত করতে স্বজনদের লালা ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢাকার মালিবাগে পুলিশের সিআইডি ফরেনসিক ডিএনএ ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হবে।