টাম্পাকোর মালিকসহ ছয়জনকে আত্মসমর্পণের নির্দেশ
গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনায় হত্যার অভিযোগে করা দুই মামলায় মালিকসহ ছয় কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে দায়রা আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দুই মামলায় মালিকের স্ত্রী ও এক মামলায় মেয়েকে আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত।
পৃথক দুই মামলায় টাম্পাকোর মালিক, পরিবারের সদস্য, কর্মকর্তাসহ আটজনের আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ২১ নভেম্বর ওই দুই মামলায় ওই আটজন হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আজ আদেশ দেন আদালত।
আদালতে আটজনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার, মাহবুব আলী ও এম আতাউল গনি।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ বলেন, দুজনকে জামিন দিয়েছেন আদালত। ছয়জনকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের আইনজীবী এম আতাউল গনি বলেন, দুজনকে আট সপ্তাহের জন্য আগাম জামিন দেওয়া হয়েছে। আর বাকি ছয়জনকে এক সপ্তাহের মধ্যে দায়রা আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আইনজীবী সূত্রে জানা যায়, টাম্পাকোর মালিক সৈয়দ মকবুল হোসেন, কর্মকর্তা সৈয়দ তানভীর আহমেদ, শফিকুর রহমান, মনির হোসেন, সাফিউজ সামি ওরফে আলমগীর হোসেন ও আবু হানিফকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগাম জামিন পেয়েছেন মকবুল হোসেনের স্ত্রী সাজেদা পারভীন হোসেন ও মেয়ে সৈয়দা আবিদা হোসেন। দুই মামলার মধ্যে একটিতে রয়েছেন সৈয়দা আবিদা হোসেন। অপর সাতজন দুই মামলায় আসামি।
গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের ঘটনায় আটজনের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি মামলা করে পুলিশ। নিহত একজনের বাবা সাতজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।