গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যার অভিযোগে করা দুই মামলায় কারখানাটির মালিক সৈয়দ মকবুল হোসেনসহ ছয় কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে গাজীপুরের দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই দুই মামলায় মালিকের স্ত্রী পারভীন হোসেন ও এক মামলায় মেয়ে সৈয়দা আবিদা হোসেন আগাম জামিন পেয়েছেন। তাঁদের সাতজন দুই মামলাতেই এবং সৈয়দা আবিদা কেবল একটিতে আসামি।
দুই মামলায় টাম্পাকোর মালিক, তাঁর পরিবারের সদস্য, কারখানার কর্মকর্তাসহ আটজনের আগাম জামিনের আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
যাঁদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন টাম্পাকোর চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন, তাঁর ছেলে ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, জামাতা ও উপব্যবস্থাপনা পরিচালক শফি সামী, মহাব্যবস্থাপক শফিকুর রহমান, মনির হোসেন (ব্যবস্থাপক, প্রশাসন) ও হানিফ (ব্যবস্থাপক, নিরাপত্তা)।
২১ নভেম্বর এ দুই মামলায় ওই আটজন হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। ২১ ও ২২ নভেম্বর দুটি আবেদনের শুনানি নিয়ে গতকাল আদেশ দেন আদালত।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার, মাহবুব আলী ও এম আতাউল গনি। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।