টাম্পাকোয় ক্ষতিপূরণ ও দোষীদের ব্যবস্থায় রিটের ওপর আদেশ সোমবার
টাম্পাকো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আগামী সোমবার আদেশের দিন রেখেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনের ওপর শুনানি শেষে আদেশের দিন রাখেন।
১৯ সেপ্টেম্বর এ ব্যাপারে রিট আবেদন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া ও তানিম হোসাইন। মালিকপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩৫ জন। এখনো ১১ শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।