টারমিনাল নেই, তাই সড়কেই ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরে কী পরিমাণ ট্রাক আর ট্যাংক লরি আছে, তার সঠিক কোনো হিসাব নেই। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সভায় এ সংখ্যা ৩০ হাজার বলে দাবি করেন ট্রাকের মালিকেরা।এর মধ্যে বন্দরকেন্দ্রিক দুটি টারমিনালে মাত্র ৫০০ ট্রাক রাখার ব্যবস্থা আছে। অবশিষ্ট সব ট্রাকই সড়কের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এ কারণে পুরো চট্টগ্রাম শহরটাই একটি ট্রাক টারমিনালে পরিণত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে এক বৈঠকে ট্রাক মালিক সমিতির নেতারা দাবি করেন, এ বিপুলসংখ্যক ট্রাক রাখার জন্য অন্তত তিনটি টারমিনাল দরকার। চট্টগ্রাম বন্দরের টোল সড়ক, কর্ণফুলী সেতুর কাছে এবং বায়েজিদ বোস্তামি এলাকায় এসব টারমিনাল হতে পারে। এ ধরনের প্রতিটি টারমিনালের জন্য অন্তত ১০০ একর জায়গা দরকার। চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম সভায় অভিযোগ করেন, চট্টগ্রামের প্রধান দুটি সড়কের মধ্যে পোর্ট কানেকটিং সড়কের দুই পাশ জুড়ে সারা বছরই হাজার হাজার ট্রাক এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে। এ সড়কটি রীতিমতো গ্যারেজ বানিয়েছেন ট্রাকের মালিকেরা। বহদ্দারহাট থেকে পতেঙ্গা পর্যন্ত সড়কেও খালি জায়গা পেলেই দাঁড় করিয়ে রাখা হয় ট্রাক। এ কারণে বিভিন্ন সময় অনকাঙ্ক্ষিতভাবে সড়ক দুর্ঘটনা ঘটে। সভায় ট্রাক মালিকেরা তাৎক্ষণিকভাবে বিবিরহাট ও সাগরিকা গরুর বাজারকে ট্রাক টারমিনাল হিসেবে রূপান্তরের প্রস্তাব দেন।তবে মেয়র সে প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, বিবিরহাট গরুর বাজারের আয়তন মাত্র পাঁচ একর। আর এটি শহরের ভেতরেই অবস্থিত। সাগরিকা গরুর বাজারও সরানো সম্ভব নয় বলে জানান তিনি।মেয়র বলেন, টারমিনাল নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে রেলওয়ে ও জেলা প্রশাসনের। ফলে তাদের সঙ্গে সমন্বয় করে এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।এ বিষয়ে আলোচনার জন্য সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকনেতাদের সমন্বয়ে ১২ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়।কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, ট্রাক ও বাস টারমিনাল নির্মাণের উদ্যোগ নেবে সিটি করপোরেশন। তবে তাতে সহযোগিতা করতে হবে রেলওয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনকে। সভায় উপস্থিত প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তারা চট্টগ্রাম শহর ও আশপাশের ব্যস্ততম এলাকায় যানজট কমাতে গুরুত্বপূর্ণ সড়ক থেকে সম্ভব দ্রুত সময়ের মধ্যে রিকশা তুলে দেওয়ার অনুরোধ করেন।চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি কপিল উদ্দিন বলেন, ধীরগতির রিকশাসহ অন্যান্য যানবাহনের সঙ্গে দ্রুতগামী পরিবহনের সহাবস্থান যত দিন থাকবে, তত দিন যানজট উত্তরোত্তর বাড়তে থাকবে।সভায় আরও বক্তব্য দেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, জেলা পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, চট্টগ্রাম বন্দর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুর আহমদ প্রমুখ।