টার্মিনাল আছে, নেই যাত্রী ও বাস

পাকা ভবনের নিচে যাত্রীদের বসার ব্যবস্থা, টিকিট কাউন্টার এমনকি যাত্রীদের খাবার ও কেনাকাটার জন্য দোকানঘর সবই আছে। নেই শুধু বাস, আর যাত্রীর কোলাহল।
নির্মাণের পর থেকে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় বাস টার্মিনালটি এভাবেই পড়ে আছে। এটি যাত্রীদের কোনো কাজে আসছে না৷ এ কারণে যাত্রীদের ঝুঁকি নিয়ে রোদ-বৃষ্টির মধ্যে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে গিয়ে বাসে ওঠানামা করতে হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও শহরে একটি বাস টার্মিনালের প্রয়োজনীয়তা থেকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে ২ দশমিক ৪৯ একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর সেখানে এলজিইডির মাধ্যমে ৬৬ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ করা হয়। টার্মিনালটিতে রাখা হয় যাত্রীদের অপেক্ষার কক্ষ, ক্যানটিন, নামাজের ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের সুবিধা। ২০০৩ সালে তৎকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া টার্মিনালটির উদ্বোধন করেন।
এলাকাবাসী জানান, সব ধরনের সুবিধা থাকার পরও টার্মিনালটি পড়ে আছে। আর পরিবহন কোম্পানিগুলো ঝুঁকি নিয়ে মহাসড়কের বিভিন্ন জায়গায় বাস থামিয়ে যাত্রী ওঠানামা করছে। এতে দুর্ঘটনা ঘটছে, তৈরি হচ্ছে যানজট। বাধ্য হয়ে যাত্রীদের রোদ-বৃষ্টিতে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
পঞ্চগড়গামী বাসযাত্রী হাজীপাড়া মহল্লার বাসিন্দা মো. আজগর আলী বলেন, গত বুধবার বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় তিনি আহত হন। সড়কের ওপর যাত্রী ওঠানামা করানোর কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
বাসচালকের সহকারী রমজান আলী বলেন, উদ্বোধনের পর থেকেই টার্মিনালটি চালু হয়নি। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকায় টার্মিনালটির অবকাঠামো নষ্ট হয়ে গেছে। দরজা-জানালার লোহা চুরি হয়ে যাচ্ছে। অরক্ষিত থাকায় জায়গাটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে যাতায়াতকারী বাসের চালক রফিকুল ইসলাম বলেন, ‘যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্যও আমরা সড়কের পাশে দাঁড়াই, টার্মিনালটি চালু হলে সেখান থেকেই বাস চালাব।’
৯ ফেব্রুয়ারি সকালে টার্মিনালে গিয়ে দেখা যায়, ভবনের নিচে চার-পাঁচটি কুকুর বিশ্রাম নিচ্ছে। টার্মিনালটি জনমানবশূন্য। দুটি বিশ্রামাগার ও একটি টিকিট কাউন্টার তালাবদ্ধ। আশপাশের দোকানঘরগুলো বন্ধ। পরিষ্কার না করায় ময়লা-আবর্জনায় ভরে গেছে। ভেঙে যাচ্ছে দরজা-জানালা। সেখান থেকে কোনো বাসই চলাচল করছে না। রংপুর-দিনাজপুরের বাস চলছে টার্মিনালের সামনের ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ওপর থেকে। দিনাজপুর-পঞ্চগড়ের বাস যাত্রী ওঠানামা করছে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ওপর থেকে। পাশে মহাসড়কের ওপর থেকে যাত্রী নিচ্ছে পঞ্চগড়গামী লোকাল বাস।
এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার সচিব রাশেদুর রহমান বলেন, টার্মিনাল ও সেখানকার জমির মালিক পৌরসভা। বাস টার্মিনালটি বর্তমানে মোটর মালিক সমিতির নামে ইজারা দেওয়া আছে। এটি চালুর দায়িত্বও তাদের। কিন্তু তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না।
আর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, টার্মিনালটি কয়েক দফা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু যাত্রীরা সেখানে যেতে চান না। আবারও টার্মিনালটি চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।