ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কোনো বাস টার্মিনাল নির্মাণ করেনি সরকার। এতে উপজেলা সদরের প্রধান সড়কে যত্রতত্র রাখা হচ্ছে দূরপাল্লার বাস। ফলে সড়কজুড়ে যানজট সৃষ্টি হওয়ায় উপজেলার কয়েক হাজার বাসিন্দা প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন ।
গত মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ীয়া থেকে ঢাকাগামী আলম এশিয়া প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির কয়েকটি বাস উপজেলা সদরের প্রধান সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা। এমনকি উপজেলা পরিষদ কার্যালয়ের ফটকের দুই পাশেও সড়কের ওপর বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। প্রধান সড়কটি সরু হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। বাস ছাড়াও ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডও প্রধান সড়কটি দখল করে আছে।
বাসস্ট্যান্ড না থাকায় যানজটসহ নানা ধরনের সমস্যা হচ্ছে ফুলবাড়ীয়া পৌরসভার বাসিন্দাদেরও। এ বিষয়ে পৌরসভার কমপক্ষে ১৫ জন বাসিন্দা বলেন, সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বাসগুলো উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়কে দীর্ঘ সারি করে দাঁড়িয়ে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস কিছু কমতে থাকলেও বিকেলে আবারও বাড়ে বাসের সারি। রাতে পুরো উপজেলা সদরজুড়ে থাকে প্রায় ৪০টি বাস। তখন পুরো উপজেলা সদরই বাস টার্মিনালে পরিণত হয়। জাহাঙ্গীর আলম নামের একজন পথচারী বলেন, ‘বাসগুলো যেখানে-সেখানে দাঁড়িয়ে থাকায় আমাদের যে ভোগান্তি হয়, সে বিষয়ে বাসমালিক ও সরকারি কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথ্যা নেই।’
আলম এশিয়া প্রাইভেট লিমিটেড সূত্রে জানা যায়, ওই পরিবহনের মোট ৮০টি বাস নিয়মিত ফুলবাড়ীয়া-ঢাকা রুটে চলাচল করে। পৌরসভার কোনো টার্মিনাল নাই। উপজেলা শহরের ছোট একটু জায়গা ভাড়া নিয়ে পরিবহনের পক্ষ থেকে যে টার্মিনাল করা হয়েছে সেখানে মাত্র আটটি বাস রাখা যায়।
ফুলবাড়ীয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া বলেন, ‘বাস টার্মিনাল করার মতো টাকা পৌরসভার নেই। আলম এশিয়া পরিবহনের মালিক পক্ষের সঙ্গে এ ব্যাপারে আমরা আলোচনা করছি। পাশাপাশি সরকারের কাছেও আমরা টার্মিনাল করার ব্যাপারে সহযোগিতা চেয়েছি।’
আলম এশিয়া পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ইমদাদুল হক বলেন, ‘পৌরসভা যদি জমি দেয় তাহলে আমরা পরিবহনের টাকায় প্রয়োজনীয় স্থাপনা করে নিব।’ তিনি আরও বলেন, যত্রতত্র বাস দাঁড় করাতে পরিবহন শ্রমিকদের নিষেধ করা হয়েছে।
ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার আইনশৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকারি কাজে দেশের বাইরে অবস্থান করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।