দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় স্থায়ী কোনো বাস টার্মিনাল নেই। ফলে কুয়াকাটার প্রধান সড়ক বন্ধ করে যত্রতত্র বাস দাঁড় করানো হয়। এতে কুয়াকাটা পর্যটনের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি চলাফেরায়ও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উত্তরাঞ্চলে চলাচল করা দূরপাল্লার বাস; বরিশাল, পটুয়াখালী ও বরগুনার অভ্যন্তরীণ সড়কে চলাচল করা বিআরটিসির বাস এবং মালিক সমিতির বাসগুলো সমুদ্রমুখী প্রধান সড়ক ও জেলা পরিষদ বাংলোর সামনের সড়কে এলোপাতাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এ ছাড়া সড়কের পাশে বাসের টিকিট বিক্রির কাউন্টার খোলা হয়েছে। এতে সড়কগুলোতে যেমন যানজট দেখা দিচ্ছে, তেমনি কুয়াকাটায় আসা পর্যটকদের স্বাভাবিক চলাফেরাও বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ২০১০ সালে সরকার কুয়াকাটাকে পৌরসভা হিসেবে ঘোষণা করে। অথচ পৌর কর্তৃপক্ষ এ সমস্যাটি অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের মাধ্যমে সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না।
কুয়াকাটা পৌর এলাকার বাসিন্দা খলিল শরীফ বলেন, ‘পৌর এলাকার প্রধান সড়কটি একরকম বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে। এ কারণে কুয়াকাটা পৌর এলাকার মধ্যে থাকা দুটি স্কুলের শিক্ষার্থীদের প্রধান সড়ক পার হয়ে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই আমরা অভিভাবকেরা সব সময় দুশ্চিন্তায় থাকি। এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসনের কাছে কয়েক দফা আবেদন করেও কোনো লাভ হয়নি।’
কুয়াকাটা ব্যবসায়ী সমিতির সহসভাপতি অনন্ত মুখার্জি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী বাস টার্মিনাল করার দাবি জানিয়ে আসছি। তা ছাড়া কুয়াকাটার পর্যটনের সৌন্দর্যের কথা বিবেচনা করে হলেও সড়কের ওপর থেকে বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়া উচিত। এ ক্ষেত্রে পৌর এলাকার কাছাকাছি জমি অধিগ্রহণ করে বাস টার্মিনাল করা যেতে পারে।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান বলেন, ‘কুয়াকাটা পৌর এলাকার টিঅ্যান্ডটি মোড় থেকে দক্ষিণ দিকে চৌরাস্তা পর্যন্ত প্রধান সড়কটির দুই পাশে আবাসিক হোটেল-মোটেল রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাসগুলো প্রতিদিন এ সড়কে সারিবদ্ধ করে রাখা হয়। ফলে হোটেলগামী পর্যটকদের সমস্যা হচ্ছে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘স্থায়ী বাস টার্মিনাল করার বিষয়টি আমাদের চিন্তা-ভাবনার মধ্যে রয়েছে। সে জন্য আমাদের জমি অধিগ্রহণ বা ক্রয় করতে হবে। নতুন পৌরসভা হিসেবে আমাদের আয় কম থাকায় জমি ক্রয় করতে পারছি না। তার পরও আমরা সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছি।’