টার্মিনাল পাহারায় থাকবেন ২০ হাজার শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে ৮ ফেব্রুয়ারি পরিবহনশ্রমিকেরা রাজধানীর বাস টার্মিনালগুলোতে অবস্থান নেবেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার আয়োজন করে।

সভায় বলা হয়, ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে পরিবহন খাতের ওপর নাশকতা চালিয়েছিল। যার ক্ষতি মালিকেরা এখনো কাটিয়ে উঠতে পারেননি। এবার রায়কে কেন্দ্র করে যদি আবার কোনো নাশকতা চালায়, তা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয় এ সভায়। ২০ হাজার পরিবহন মালিক-শ্রমিক ওই দিন রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালে অবস্থান নেবেন।

সভায় আরও জানানো হয়, রায়ের পর বিএনপি যদি হরতালের ঘোষণা দেয়, তবে রাজধানী ও এর আশপাশের জেলাগুলোয় বাস চলাচল স্বাভাবিক রাখা হবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে দূরপাল্লার বাস চলবে। এ ছাড়া বাস পোড়ানোর নাশকতা থেকে রক্ষা পেতে প্রতিটি বাসে অগ্নিনির্বাপণ যন্ত্র ও দুই বালতি বালি রাখার নির্দেশ দেওয়া হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্ব করেন। সভায় সায়েদাবাদ, মহাখালী ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।