টার্মিনাল রেখে সড়কের ওপর যত্রতত্র ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে যত্রতত্র দাঁড়িয়ে থাকছে ট্রাক। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। অথচ পাঁচ বছর আগে পৌর এলাকার দ্বারিয়াপুরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ট্রাক টার্মিনাল। টার্মিনালটি ব্যবহার করা হচ্ছে না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ২০০৮ সালে প্রায় সোয়া তিন একর জমির ওপর ট্রাক টার্মিনালটি নির্মাণ করা হয়। পৌর মেয়র আবদুল মতিন বলেন, জেলা প্রশাসন, ট্রাক মালিক সমিতি এবং ট্রাক ও মোটরশ্রমিক ইউনিয়নের নেতাদের অসহযোগিতার কারণে টার্মিনালটি ট্রাক স্ট্যান্ট হিসেবে ব্যবহূত হচ্ছে না। এ ব্যাপারে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের অনুরোধ করা হয়েছে এবং জেলার আইনশৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উত্থাপন করা হয়েছে বহুবার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এত টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটি অব্যবহূত অবস্থায় পড়ে আছে। পাশাপাশি পৌরসভা বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় থেকে।
তবে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম ও জেলা ট্রাক ও মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী বলেন, ট্রাক টার্মিনাল চালু হোক এটা তাঁরা সব সময়ই চেয়ে আসছেন। টার্মিনাল দূরে হওয়ায় এবং সেখানে খাবার হোটেল না থাকায় ট্রাক চালকেরা সেখানে যেতে চান না। তা ছাড়া ট্রাক চালকদের টার্মিনাল ব্যবহারে পৌর মেয়র ও জেলা প্রশাসন যথাযথ উদ্যোগ নিচ্ছে না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, ট্রাক চালকেরা টার্মিনাল ব্যবহার শুরু করলে এমনিতেই খাবার হোটেল ও অন্যান্য দোকানপাট গড়ে উঠবে।
জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, ‘এটা ঠিক নয় যে ট্রাক টার্মিনাল চালু করার বিষয়টি বহুবার আইনশৃঙ্খলা কমিটি বা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উত্থাপন করা হয়েছে। পৌর মেয়রের যথাযথ উদ্যোগের অভাবেই এটা চালু হয়নি। যত্রতত্র ট্রাক দাঁড়ানো বন্ধ করার জন্য তিনি কোনো দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য আবেদনও করেননি। এটা পরিচালনা করতে তিনি আমার সহযোগিতা চাইলে আমি সব সময়ই রাজি আছি।’