টার্মিনাল, স্টেশনে ঢাকায় ফেরা মানুষের স্রোত

ঈদে বাড়ি যাওয়া মানুষের কর্মস্থল ঢাকায় ফেরার স্রোত দেখা গেছে গতকাল শুক্রবার। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। আজ শনিবারও ঢাকামুখী মানুষের স্রোত অব্যাহত থাকবে।
ঈদের পর দিন থেকেই মানুষ ঢাকায় ফিরছে। তবে ব্যাপক চাপ ছিল গতকাল। বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষের কারণে ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসা লোকজন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এতে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে বাসগুলো ঢাকায় পৌঁছায় কয়েক ঘণ্টা বিলম্বে। গতকাল সকালে যে বাসগুলোর ঢাকায় পৌঁছানোর কথা ছিল, সেগুলো পৌঁছায় সন্ধ্যায়।
গতকাল ভোর পাঁচটা থেকে বিকেল চারটা পর্যন্ত¦দক্ষিণাঞ্চলের ৪১টি স্থান থেকে আসা ১০৭টি লঞ্চ ঢাকার সদরঘাটে ভেড়ে। এর প্রায় সবগুলোতে ছাদেও যাত্রী ভ্রমণ করেন। লঞ্চে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ পাওয়া গেছে।
কাওড়াকান্দি-শিমুলিয়া ফেরিঘাট হয়ে সন্ধ্যা পর্যন্ত ১৭টি ফেরিতে যানবাহন পারাপার হয়। বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলোর ছাদে চড়েও যাত্রী এসেছেন।
যতসংখ্যক মানুষ ঢাকায় প্রবেশ করছে, প্রবেশমুখগুলোতে নগর পরিবহন ছিল সেই তুলনায় অপ্রতুল। ফলে অনেকেই বাস, লঞ্চ ও ট্রেন থেকে নেমে গন্তব্যে যেতে বিপাকে পড়েন। বেশির ভাগ মানুষের সঙ্গে পরিবারের সদস্য এবং ব্যাগ-লাগেজ ছিল। সিএনজিচালিত অটোরিকশার চালকেরা মিটারের তোয়াক্কা না করে কয়েক গুণ বেশি ভাড়ায় বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের বাধ্য করেন।
পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে নাবিল পরিবহনে দিনাজপুর থেকে সকালে টেকনিক্যালে নামেন জাহাঙ্গীর প্রধান। তিনি বলেন, ‘টেকনিক্যাল থেকে রামপুরার বনশ্রী যেতে সিএনজিচালক ৪৫০ টাকা চাইছে। ৩০০ টাকা বলতেছি, তাও রাজি হচ্ছে না।’
বরিশাল থেকে আসা হুমায়ুন কবির বলেন, ‘সিএনজিচালকেরা সদরঘাট থেকে পল্লবী যেতে ৫০০ টাকা চাচ্ছে। অন্য সময় ২৫০-৩০০ টাকায় যাই। মানুষ বেশি, কিন্তু যানবাহন কম থাকায় তারা ইচ্ছামতো ভাড়া হাঁকছে।’
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমে অনেক যাত্রী লঞ্চে বাড়তি ভাড়া গোনার অভিযোগ করেন। অনেকে কুলিদের হাতে নাজেহাল হওয়ার কথাও জানান।
বরিশাল থেকে আসা এমভি পারাবত লঞ্চের যাত্রী শাহজাহান মিয়া বলেন, ডবল কেবিনের ভাড়া নেওয়া হয়েছে ৩ হাজার টাকা। অন্য সময় এর ভাড়া ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
বরিশাল থেকে আসা মো. সোহেল বলেন, সকাল সাড়ে সাতটার দিকে নামার পর দুজন কুলি লাগেজ নিয়ে নেন। পরে ফটকের সামনে গিয়ে ২০০ টাকা দাবি করেন। ১৫০ টাকা দিয়ে কোনো রকমে রক্ষা পান। মাদারীপুর থেকে আসা ব্যাংক কর্মচারী বেলায়েত হোসেন বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছে।
সদরঘাট টার্মিনালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নুল আবেদিন বলেন, যাত্রীদের নিরাপত্তা রক্ষায় তাঁরা বাড়তি নজরদারি করছেন। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা দক্ষিণাঞ্চলের মানুষের চাপ ছিল গতকাল কাওড়াকান্দি ও শিমুলিয়া ফেরিঘাটে। বিকেলে উভয় ঘাটে ৩০০ থেকে ৩৫০টি ছোট-বড় যানকে অপেক্ষায় থাকতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মানুষের চাপ শুক্র ও শনিবার বেশি হবে, এটা আগে থেকে আমরা অনুমান করেছিলাম। এরপর ঘাট আবার স্বাভাবিক হয়ে যাবে।’