টার্মিনালকেন্দ্রিক বিরোধেই খুন হন খায়রুল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত খায়রুল আলম মোল্লা
নিহত খায়রুল আলম মোল্লা

পরিবহন মালিক নেতা ও আওয়ামী লীগের নেতা খায়রুল আলম মোল্লা হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকেন্দ্রিক বিরোধ বলে ধারণা করছে খায়রুলের পরিবার ও পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে খায়রুল হত্যার প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটের কারণে গতকাল শুক্রবার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। অবশ্য পরে সকাল-সন্ধ্যার এই ধর্মঘট দুপুর ১২টা পর্যন্ত কমিয়ে আনা হয়।

মতিঝিলে সমবায় ব্যাংক ভবনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং যাত্রাবাড়ী-ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুলকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। মতিঝিল থানার পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ঘটনাটির তদন্ত করছে। গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। ডিবি সূত্র জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় যে আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা সমবায় ব্যাংক ভবনের নিরাপত্তাকর্মী ও সায়েদাবাদ বাস টার্মিনালের সঙ্গে সম্পৃক্ত। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, হত্যাকাণ্ডের সময় সমবায় ব্যাংকের সচল থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা জব্দ করা হয়েছে।

ডিবির সহকারী কমিশনার জুয়েল রানা প্রথম আলোকে বলেন, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকার বাইরে খুনের ঘটনা ঘটেছে। তাই সিসি ক্যামেরায় খুনের কোনো দৃশ্য পাওয়া যায়নি। তদন্তে জানা গেছে, সায়েদাবাদ বাস টার্মিনালকেন্দ্রিক বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে। দক্ষিণ যাত্রাবাড়ীতে গতকাল খায়রুলের বাসায় গিয়ে দেখা যায়, তাঁর শোকার্ত স্ত্রী শেফালী আলম ও কয়েকজন স্বজন কাঁদছেন। শেফালী আলমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন কয়েকজন স্বজন। ছোট মেয়ে অরিন আলম বাবার বিভিন্ন স্মৃতি নিয়ে কাঁদছেন।

শেফালী বেগম বলেন, পাঁচ বছর ধরে সায়েদাবাদ বাস টার্মিনালে টোলের ইজারার নিয়ন্ত্রণ ছিল ঢাকা-কিশোরগঞ্জ পরিবহন শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক তৈয়ব আলী ও একজন পরিবহন মালিক নেতার হাতে। তখন তৈয়ব অনেকবার তাঁর বাসায় এসে খেয়েছেনও। চার মাস আগে খায়রুল ইজারায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলে ওই দুজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। দুই মাস আগে খায়রুল ১৭ লাখ টাকায় সায়েদাবাদ বাস টার্মিনালে টোল আদায়ের ইজারা পান। এতে তৈয়ব গংরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ কারণে তারা খায়রুলকে খুন করেছে। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খায়রুলের সঙ্গে ছিলেন তৈয়ব। তৈয়ব সাবেক ৭৫ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা। ধর্মঘটের কারণে গতকাল সকালে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। রাজধানীতেও কোনো বাস চলেনি। সকালে তিনটি বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পরিবহন মালিক ও শ্রমিকেরা কালো ব্যাজ পরে আছেন। সারি সারি বাস দাঁড়িয়ে আছে।

সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির কোষাধ্যক্ষ মো. হারুন অর রশীদ বলেন, পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ধর্মঘট কমিয়ে দুপুর ১২টা পর্যন্ত করে। আওয়ামী লীগের স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লার ঘনিষ্ঠ ছিলেন খায়রুল। সাংসদের সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় চার মাস আগে তৈয়ব আলীকে বহিষ্কার করা হয়। পরিবহন মালিক ও শ্রমিকেরা খায়রুলের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে খায়রুল আলম মোল্লার লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। জানাজা শেষে লাশ আজ শনিবার দোলাইরপাড়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

দুর্ভোগ: বৃহস্পতিবার রাতে হঠাত্ করে গতকাল পরিবহন ধর্মঘট ডাকায় সকাল থেকে রাজধানী ও দূর-দূরান্তের যাত্রীরা পথে নেমে দুর্ভোগে পড়ে। সিএনজিচালিত অটোরিকশা চললেও মানুষকে পরিবহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। যানবাহনের জন্য মোড়ে মোড়ে ছিল যাত্রীদের জটলা। সকালে মিরপুর ১০ নম্বরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস না পেয়ে ৪০০ টাকায় অটোরিকশা ভাড়া করে স্ত্রী-সন্তানসহ মতিঝিলে আসেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি বলেন, পরিবহন ধর্মঘটের কথা জানতেন না। একটি অনুষ্ঠানে অংশ নিতে বের হয়েছিলেন। অসুস্থ মাকে দেখতে ঝালকাঠি যাওয়ার জন্য সকালে গাবতলী টার্মিনালে গিয়ে বাস পাননি মোস্তাফিজুর রহমান। জানালেন, কীভাবে যাবেন সে নিয়ে দুশ্চিন্তায় আছেন।
দুপুর ১২টা থেকে ধর্মঘট প্রত্যাহার হলে বাস চলাচল শুরু হয়।