টার্মিনালে জুয়া, প্রতিবাদে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট বাস টার্মিনাল দখল করে জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়ন ‘ইনডোর গেমসে’র নামে মাস দুয়েক ধরে চালাচ্ছে জুয়ার আসর৷ সপ্তাহ খানেক ধরে জুয়ার আসর চলছে শহরের পাশের একটি বিদ্যালয়েও। সন্ধ্যার পর থেকেই জুয়া খেলতে হাজার হাজার মানুষ ভিড় করছেন এসব আসরে। জুয়ার প্রতিবাদে বগুড়া মোটর মালিক গ্রুপ ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন গত বৃহস্পতিবার থেকে জয়পুরহাটের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে৷ ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশের সঙ্গে জয়পুরহাটের বাস-যোগাযোগ বন্ধ হয়ে গেছে৷
বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল প্রথম আলোকে বলেন, বগুড়া-জয়পুরহাট রুটে ৯০টি বাস চলে। রাতে অর্ধেক বাস জয়পুরহাট টার্মিনালে থাকে। দুই মাস থেকে গাড়িগুলো টার্মিনালের ভেতরে ঢুকতে পারছে না। দিনে তবু রাস্তায় গাড়ি রেখে যাত্রী তোলা যায়। কিন্তু রাতে এত গাড়ি রাস্তায় রাখা যায় না। সড়ক বন্ধ হয়ে যায়। শ্রমিকদেরও রাতে থাকার জায়গা থাকে না। অধিকাংশ শ্রমিক রাস্তায় গাড়ি ফেলে রেখে জুয়ার আসরে যান। সারা দিনের আয় জুয়া খেলে উড়িয়ে দেন। এ বিষয়ে তাঁরা জয়পুরহাটের শ্রমিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সঙ্গে কয়েক দফা দেনদরবার করে কোনো লাভ হয়নি৷
জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার আবদুল হাফিজ জানালেন, জুয়া-হাউজির সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। নিয়ম অনুযায়ী সভাপতি হিসেবে গেমস পরিচালনা কমিটিতে নাম দিতে হয়, তাই তাঁর নাম রয়েছে। রোজ কত টাকা উঠছে জুয়া-হাউজির আসর থেকে, জানতে চাইলে তিনি বলেন, ‘শুনেছি, ৩০-৪০ লাখ টাকা ওঠে। এই টাকা কোথায়, কার কাছে জমা হচ্ছে, তাও জানি না। সেক্রেটারি সব জানে।’
টার্মিনালে ইনডোর গেমসের তত্ত্বাবধান করছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। টার্মিনালে সারা দিন বেশ কয়েকবার খঁুজেও তাঁকে পাওয়া গেল না। তিনি কোথায় আছেন, তাও কেউ বলতে পারেননি। তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টার পর প্রথম আলোর পরিচয় দিতেই তিনি ফোন বন্ধ করে দেন। ফলে এ ব্যাপারে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
বাস চলাচল বন্ধ থাকায় বগুড়া থেকে অটোরিকশা চলছে ভেঙে ভেঙে। বগুড়া থেকে কিচক বাজার, সেখান থেকে পুনট, এরপর কালাই, তারপর বটতলী, বটতলী থেকে জয়পুরহাট—এভাবে বারবার যাত্রা বিরতি দিয়ে অটোরিকশা-স্কুটারে জয়পুরহাট পর্যন্ত যেতে ভাড়া গুনতে হচ্ছে ১২০ টাকারও বেশি। অথচ বগুড়া জয়পুরহাট রুটে বাস ভাড়া ৬০ টাকা। ভেঙে ভেঙে যেতে সময়ও লাগছে অনেক।
এিদকে জয়পুরহাট শহরের পাশেই বাগজানা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সাহায্যার্থে জুয়া-হাউজির আসর বসেছে স্কুলটির সামনের মাঠে। এই আসর পরিচালনা করছেন বিদ্যালয়টির পর্ষদের সদস্য ও বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নওশাদ হোসেন। তিনি আক্ষেপ করে বললেন, যতটা আশা ছিল আয় তেমন হচ্ছে না। তাঁদের আসরে না এসে লোকজন সবাই চলে যাচ্ছে জয়পুরহাট টার্মিনালের আসরে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, ‘আমার সঙ্গে েকানো আলোচনা না করেই এই হাউজি চালানো হচ্ছে। বিষয়টির ব্যাপারে আমি জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছি।’
পুলিশ সুপার হামিদুল আলম বলেন, ‘েমাটর শ্রমিকেরা হাইকোর্টের অনুমোদন নিয়ে ইনডোর গেমস চালাচ্ছে। তার পরও সেখানে আমরা জুয়া বন্ধের চেষ্টা চালিয়েছি। এ জন্য তারা হাইকোর্টে রিট করেছে। আদালত থেকে আমাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। আমরা জুয়া আইনের বিভিন্ন ধারা তুলে ধরে ব্যাখ্যা দিয়েছি। এরপর আর কোনো নির্দেশ আসেনি। বিষয়টি এখন এই পর্যায়ে রয়েছে।’
জয়পুরহাটের সঙ্গে গাড়ি চলাচল বন্ধ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো পক্ষ থেকে আমার কাছে অভিযোগ করা হয়নি।’