টার্মিনালের দ্বন্দ্বে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খায়রুল আলম হত্যাকাণ্ড
খায়রুল আলম হত্যাকাণ্ড

পরিবহন মালিক ও আওয়ামী লীগের নেতা খায়রুল আলম হত্যার ঘটনায় সাতজনকে আসামি করে মতিঝিল থানায় হত্যা মামলা করেছেন তাঁর স্ত্রী শেফালী আলম।
এই সাতজনের সবাই পরিবহন শ্রমিকসংগঠন এবং স্থানীয় সরকারদলীয় সংগঠনের নেতা।
মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, শনিবার রাত পৌনে ১২টার দিকে শেফালী আলমের বড় ভাই মোমিন মোল্লা লিখিত এজাহার থানায় জমা দেন। মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন, ঢাকা-কিশোরগঞ্জ বাসরুট শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ৭৫ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক তৈয়ব আলী, গুলিস্তান শ্রমিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের নেতা আলী আকবর বাবুলসহ সায়েদাবাদ টার্মিনালের বিভিন্ন পর্যায়ের শ্রমিকনেতা জাফর, সেন্টু, সুমন, নাইমুর রহমান দুর্জয় ও বাচ্চু। মামলায় অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী শেফালী আলম বলেন, মামলার সাত আসামি সায়েদাবাদ টার্মিনাল থেকে চাঁদা তোলেন। তাঁরা বিভিন্ন সময় তাঁর স্বামী খায়রুলকে হুমকি দিয়ে আসছিলেন। বিভিন্ন সময় এসব হুমকিতে চিন্তিত খায়রুল তাঁকে বলেছেন, চাঁদার জন্য এই সাতজন তাঁকে হুমকি দিচ্ছে। মামলাতেও চাঁদা দাবির বিষয়ে অভিযোগ করা হয়েছে।
তবে পুলিশ সূত্র জানিয়েছে, টার্মিনাল থেকে বাসের টোল তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
টার্মিনাল সূত্র জানায়, মাত্র দুই মাস আগে টার্মিনালের টোল তোলার ইজারা পেয়েছিলেন খায়রুল। নিয়মানুযায়ী প্রতি বাসের টোল ৫০ টাকা করে হলেও বাসগুলো থেকে ২০০ টাকার বেশি আদায় করা হয়। এর আগে টোল তোলার দায়িত্বে ছিলেন তৈয়ব আলী ও তাঁর সঙ্গীরা। খায়রুল ও তৈয়ব পরস্পরের বন্ধু। এই টোল তোলাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে টার্মিনালের লোকজন জানিয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মতিঝিলে সমবায় ব্যাংক ভবনে সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং যাত্রাবাড়ী-ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুলকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন তৈয়ব আলীর সঙ্গে সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের কার্যালয়ে পরিবহন মালিকনেতার সমঝোতা বৈঠক ছিল। সেখান থেকে বেরিয়ে নিচে নামার সময় দ্বিতীয় তলার সিঁড়িতে খায়রুলকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন খায়রুল। মহিউদ্দিন যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও যুগ্ম সাধারণ সম্পাদক। মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর হাত ধরেই খায়রুল যুবলীগের রাজনীতি শুরু করেছিলেন। শ্রমিক কমিটি থেকে বহিষ্কৃত তৈয়ব আলীকে কমিটিতে বহাল করার ব্যাপারে খায়রুল উদ্যোগ নিয়েছিলেন। খায়রুল সমবায় ব্যাংকে তাঁর উপস্থিতিতে সমঝোতা বৈঠক করার অনুরোধ করেন।
মহিউদ্দিন বলেন, তিনতলায় তাঁর দপ্তরে বৈঠক শেষে মাগরিবের নামাজের পর খায়রুলের সঙ্গে তৈয়ব আলী ও যুবলীগের আরেক নেতা আলী আকবর নিচে নামার জন্য বের হন। এর কিছুক্ষণ পর চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন দ্বিতীয় তলার সিঁড়ি বেয়ে বুক চেপে ওপরে উঠছেন খায়রুল। এ সময় তিনি দেখেন তাঁর বুক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে।
মহিউদ্দিন বলেন, ‘খায়রুল আমাকে বলেন, আমাকে মাইরা ফেলাইছে, আমাকে শিগগির হাসপাতালে নিয়ে যা।’ সেখানে অন্য কেউ ছিল না। পরে তিনি নিচে নেমে যুবলীগের নেতা আলী আকবরকে দেখেন। এরপর তাঁরা খায়রুলকে হাসপাতালে নিয়ে যান। এরপর তৈয়ব আলীর হদিস নেই। তবে হত্যাকাণ্ডের আগে বিভিন্ন নম্বর থেকে খায়রুলকে হুমকি দেওয়া হতো বলে তিনি শুনেছেন।