টালি পোড়াতে কেটে সাবাড় করা হচ্ছে খেজুরগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টালি পোড়ানোর নামে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার সাতটি কারখানায় ব্যাপক হারে খেজুরগাছ নিধন করা হচ্ছে।কপিলমুনি এলাকার শিক্ষক হাসান আলী জানান, টালি তৈরির নামে যে হারে খেজুরগাছ পোড়ানো হচ্ছে, তাতে আর কিছুদিনের মধ্যে খেজুরের রস ও গুড়ের কথা ভুলে যেতে হবে। গত বছর রসের হাড়ি ৫০ থেকে ৬০ টাকা ছিল। এ বছর এর দাম হয়েছে ১০০ টাকা। পাশাপাশি পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। একই ধরনের মন্তব্য করেন পাইকগাছা অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি গাজী আজমল হোসেন।এলাকাবাসী ও টালি তৈরির সঙ্গে জড়িত পাল সম্প্রদায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ বছর ধরে পাইকগাছার পাল সম্প্রদায়ের কয়েকটি পরিবার খুলনা-পাইকগাছা সড়কের কপিলমুনি এলাকায় কপোতাক্ষ নদের পাশে টালি ও ইট তৈরির কারখানা গড়ে তুলেছে। এসব কারখানায় টালি ও ইট তৈরিতে এলাকার মৃতপ্রায় কপোতাক্ষ নদের চরের মাটি ব্যবহার করা হয়।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, প্রতিটি কারখানায় ১৫ থেকে ২০ জন করে নারী ও পুরুষ কাজ করছেন। তাঁরা মাটির ঢেলা ও ছাঁচে ফেলে টালি তৈরি, রং করা, কাঁচা টালি রোদে শুকানো আবার পোড়ানোর জন্য শুকনা টালি ও কাঠ দিয়ে ‘পোনঘর’ সাজানোর কাজ করছেন। পাশাপাশি খেজুরগাছের প্রতিটি গুঁড়ি চেরাই করে চার ভাগ করেন। প্রতিটি কারখানার সামনেই বিপুল পরিমাণ খেজুরগাছের গুঁড়ি বা চেরাই করা অংশ স্তূপাকারে রাখা আছে। তা ছাড়া পোড়ানোর জন্য নারকেলগাছ ও জ্বালানি কাঠেরও বড় বড় স্তূপ রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, অগ্রহায়ণ মাস থেকে শুরু করে বর্ষার আগ পর্যন্ত টালি তৈরি ও বিক্রি করা হয়। একটি টালি তৈরি করে শুকিয়ে ‘পোনঘর’-এ পোড়ানো পর্যন্ত সাত থেকে আট দিন সময় লাগে। এ কারণে মৌসুমে গড়ে ২০ বার টালি পোড়ানো যায়। প্রতিটি টালি তৈরি করতে প্রায় পাঁচ টাকা খরচ পড়ে, বিক্রি হয় সাড়ে পাঁচ থেকে ছয় টাকা। একটি ‘পোনঘর’-এ একবারে চার থেকে পাঁচ হাজার টালি ও এর সঙ্গে দুই হাজার ইট পোড়ানো হয়। এ জন্য একটানা ২৪ ঘণ্টা আগুন জ্বালাতে এক থেকে ১৫০ মণ খেজুরের কাঠ লাগে। পাইকগাছাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে একশ্রেণীর ব্যবসায়ী সাড়ে তিন হাত লম্বা করে কাটা খেজুরগাছ কিনে এনে ওই সব কারখানায় ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছেন।এ ব্যাপারে কারখানার মালিক কালিপদ পাল জানান, টালি তৈরির জন্য হালকা আগুন প্রয়োজন। কয়লার ভারী আগুন হলে টালি বেঁকে ও গলে যায়। তাই খেজুর ও নারকেলগাছসহ অন্যান্য গাছের কাঠ পোড়ানো হয়। সুকুমার পাল বলেন, ‘বাপ-দাদার পিশা বলে ছাড়তি পাত্তিছি নে। টালি বানাতি কাঠ পুড়াই বলে প্রতিবছর জরিমানার পাশাপাশি এলাকার পুলিশ ও সাংবাদিকগেও কিছু দিতি হয়।’উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান বলেন, ‘অনেক ভাটামালিক বড় বড় অন্যায় করলেও তা বন্ধ হচ্ছে না। আর পালরা তো গরিব মানুষ। তাই তাদেরটা দেখেও দেখি না।’খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, ‘গত বছর ওখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এবারও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’