টাল্লো চলে যাচ্ছে
বাংলাদেশ থেকে চলে যাচ্ছে আইরিশ কোম্পানি টাল্লো অয়েল। কোম্পানিটি ১৯৯৬-৯৭ সাল থেকে উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে দেশের স্থলভাগের ৯ নম্বর ব্লকের কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে কাজ করছিল। গতকাল মঙ্গলবার টাল্লো বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে তাদের ৩০ শতাংশ অংশীদারি সিঙ্গাপুরভিত্তিক ক্রিস এনার্জি এশিয়া হোল্ডিংসের কাছে চার কোটি ২৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।টাল্লোর ঢাকার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও গতকাল ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে টাল্লোর সহ-অংশীদার হিসেবে রয়েছে কানাডীয় কোম্পানি নাইকো (৬০ শতাংশ) এবং বাপেক্স (নন-অপারেটিং ১০ শতাংশ)।কোম্পানির সূত্র জানায়, ক্রিস এনার্জির সঙ্গে টাল্লোর কেনাবেচার চুক্তি সম্পন্ন হয়েছে। এখন সরকার তথা পেট্রোবাংলা বিষয়টি অনুমোদন করলেই তা কার্যকর হবে।এই হস্তান্তরের কারণ সম্পর্কে টাল্লোর সূত্রগুলো জানায়, কোম্পানিটি যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় তাদের আবিষ্কৃত বৃহদাকার তেল-গ্যাসক্ষেত্রগুলো পরিচালনায় সুবিধার জন্য এশিয়া ও ইউরোপ থেকে চলে যাচ্ছে। টাল্লো পাকিস্তান থেকেও চলে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে অন্যান্য সূত্র জানায়, রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স গত বছরের জুলাই মাসে বাঙ্গুরা-সংলগ্ন শ্রীকাইল ক্ষেত্রে গ্যাস আবিষ্কার করার পর টাল্লো তাদের চলে যাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে। বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে মোট পাঁচটি কূপ রয়েছে। এর মধ্যে চারটি থেকে প্রতিদিন সর্বোচ্চ ১০ কোটি (১০০ মিলিয়ন) ঘনফুট গ্যাস তোলা হচ্ছে।