টাস্কফোর্সের কার্যক্রম বন্ধের দাবি কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত কিন্ডারগার্টেন প্রতিরোধে করণীয় ঠিক করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্সের কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। এ ছাড়া কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোর নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা কমপক্ষে এক বছর বাড়ানোর দাবি জানানো হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের পক্ষ থেকে মোট ছয়টি দাবি উত্থাপন করা হয়। এসবের মধ্যে রয়েছে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিবন্ধনপ্রক্রিয়া গতিশীল করা, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে পানি ও বিদ্যুৎ বিল আবাসিক হারে নির্ধারণ, রিভিউ কমিটির সভা প্রতি মাসে একবার করে করা ইত্যাদি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঐক্য পরিষদের মহাসচিব মো. রেজাউল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মো. ইসকান্দার আলী হাওলাদার, উপদেষ্টা এ কে এম ফজলুল হক, সহসভাপতি মো. হাবিবুর রহমান, মো. নূরুজ্জামান কায়েস, এম এ রশিদ মিয়া ও যুগ্ম মহাসচিব মো. আশরাফ আলী মোল্লা।

লিখিত বক্তব্যে মো. রেজাউল হক বলেন, বর্তমানে প্রায় ৬৫ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে এক কোটির বেশি শিশু শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। এ ছাড়া সাত লাখ শিক্ষক-শিক্ষিকা ও প্রায় দেড় লাখ চতুর্থ শ্রেণির কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ২০১২ সালের ২৯ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশোধিত নিবন্ধন বিধিমালা জারির পর থেকে হাজার হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদন করেছে। কিন্তু খুব কম বিদ্যালয়ই নিবন্ধন পেয়েছে। বিভাগীয় উপপরিচালকের দায়িত্বহীনতার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই নিবন্ধন পায়নি। অন্যদিকে গত ১৬ আগস্ট অননুমোদিত কিন্ডারগার্টেন প্রতিরোধে করণীয় ঠিক করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করেছে।

ঐক্য পরিষদের সভাপতি মো. ইসকান্দার আলী হাওলাদার বলেন, যে টাস্কফোর্স গঠন করা হয়েছে তাতে পুলিশ প্রশাসনকে যুক্ত করা হয়েছে। এর আদৌ প্রয়োজন আছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। নিবন্ধনের ক্ষেত্রে কাগজপত্র জমা না দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ ক্ষেত্রে যে দীর্ঘসূত্রতা রয়েছে, তার জন্য কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ দায়ী নয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের (বিকপ) সহসভাপতি মো. হাবিবুর রহমান বলেন, কিছু সংবাদমাধ্যমে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের নানা অনিয়ম সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ব্যাঙের ছাতার মতো গজানো কিন্ডারগার্টেনে দেশীয় সংস্কৃতির চর্চা নেই। কিন্তু এসব অভিযোগ সত্য নয়। কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ওপর প্রয়োজনের অতিরিক্ত বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয় না। দেশীয় সিলেবাস ও কারিকুলাম অনুসরণ করেই এগুলো পরিচালিত হয় বলে দাবি করেন তিনি।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো না মানলেও আন্দোলনে যাওয়া হবে না বলে জানান ঐক্য পরিষদের সভাপতি মো. ইসকান্দার আলী হাওলাদার। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই তাঁরা সমস্যার সমাধান করতে চান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।