টাস্কফোর্সের প্রথম সভায় কোনো সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দণ্ড কার্যকর ও বিচারের প্রয়োজনে বিদেশ থেকে আসামি ফিরিয়ে আনতে সরকারের গঠিত টাস্কফোর্সের প্রথম সভায় কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। সভায় ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস প্রদত্ত বাংলাদেশের মানবাধিকার-সম্পর্কিত প্রতিবেদনের জবাব কী হবে, তা নিয়েও আলোচনা হয়। সরকার মনে করে, প্রতিবেদনটি যথার্থ নয়। আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় কমিটির সভাপতি আইনমন্ত্রী শফিক আহমেদ সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও আইনসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের জানান, এটি প্রথম ও প্রস্তুতিমূলক সভা হয়েছে। ফেরারি আসামিদের ফিরিয়ে আনতে কী ধরনের কৌশল ও কর্মপদ্ধতি হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, আইনমন্ত্রীর নেতৃত্বে গঠিত টাস্কফোর্সকে যেসব আসামি দণ্ডিত কিংবা কোনো মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত হয়ে বিদেশে পালিয়ে আছে, তাদের অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা বা আইনি প্রক্রিয়ায় পলাতকদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে টাস্কফোর্স। এরই মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ছয়জন আসামি বিদেশে পালিয়ে আছে। এর আগে একাধিকবার এ প্রসঙ্গে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী আলাদাভাবে সাংবাদিকদের বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে এসব খুনি কোথায় আছে, সে সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।