টায়ারের চাপে টলে গেল ইব্রাহিমের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন নম্বর ওয়ার্ডের দরজা দিয়ে ঢুকতেই হাসিমুখে ডাক দিলেন ইব্রাহিম। কিশোর বয়সী কাউকে পাঁচ বছর পর দেখলে চিনতে একটু সময় নেওয়ারই কথা। কিন্তু ইব্রাহিমের মায়াভরা মুখের সেই চেনা সরল হাসি বলে দিল তাঁর পরিচয়। ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন ফর দ্য প্যারালাইজডে (সিআরপি) গিয়ে ১৮ বছরের ইব্রাহিমের সঙ্গে দেখা হলো। পাঁচ বছর আগের অনেক কিছু সামনে এসে ঝাপটা দিল। মুঠোফোনে আসব বলে জানিয়েছিলাম।

২০১৩ সালে এখানেই রোগী থাকা অবস্থায় ১৩ বছরের ইব্রাহিমের সঙ্গে এই প্রতিবেদকের পরিচয়। তখন হুইলচেয়ারে চলাচলকারীরা ছিল সঙ্গী। ওখানে সবার মুখে বিষণ্নতার ছাপ ফুটে থাকে! এর মধ্যে এত ছোট একটি ছেলের কী হয়েছিল, জানতে ইচ্ছে হতো। সব শুনে প্রচণ্ড মায়া হতো। আমরা নিজের সন্তানকে কত ভালোবাসি। নিজের সন্তানকে সুরক্ষিত রাখতে কত-কী করি! অথচ একই বয়সী অন্যের সন্তানের ঘাড়ে পাহাড়সমান কাজ চাপিয়ে দিতে দ্বিধা করি না। ইব্রাহিম যেন এই দেশের শিশুশ্রমের ভয়াবহ চিত্রের এক জ্বলন্ত উদাহরণ।

কথা হচ্ছিল উপুড় হয়ে শুয়ে থাকা ইব্রাহিমের সঙ্গে। পাঁচ বছর আগের ইব্রাহিমের সঙ্গে মেলাচ্ছিলাম তাঁকে। সিআরপির নার্স মণিকা প্রথম আলোকে জানালেন, ইব্রাহিমকে এভাবে আরও কিছুদিন উপুড় হয়ে থাকতে হবে। কোমরে বড় বড় ঘা হয়েছে। সবে সেই ঘায়ে অপারেশন হয়েছে। ঘা শুকানোর পর তাঁকে হুইলচেয়ারে বসানো হবে।

ইব্রাহিমের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বাবার নাম আবু তাহের। মা সুফিয়া। তিন ভাই, দুই বোনের মধ্যে ইব্রাহিম সবার ছোট। তিন ভাইয়ের মধ্যে মেজ ভাই জন্ডিসে আক্রান্ত হয়ে তরুণ বয়সেই মারা গেছেন।

সাভারে সিআরপিতে চিকিৎসাধীন ইব্রাহিম। ছবি: প্রথম আলো
সাভারে সিআরপিতে চিকিৎসাধীন ইব্রাহিম। ছবি: প্রথম আলো

২০১২ সালের ঘটনা। ঈদুল ফিতরের মাত্র ১৪ দিন আগে ঘটনাটি ঘটে। তখন তার বয়সও ১২। পরিবারের রোজগেরে সদস্যদের মধ্যে তাকেও গোনা হতো। স্কুলে যাওয়া হয়নি কোনো দিন। ঈদ সামনে। রোজগারের চাপ ছিল। নারায়ণগঞ্জ শহরে মৌচাক স্ট্যান্ডের কাছে একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজে জোগালির কাজ নিয়েছিল। দিনে ২৫০ টাকা করে দেওয়া হতো তাকে। অন্য দিনের মতো ওই দিন সকাল থেকেই কাজ শুরু করেছিল।

এরই মধ্যে প্রাপ্তবয়স্ক আরেক শ্রমিক তাকে ডেকে নেন। ঢালাইয়ের কাজের জন্য রাখা মিক্সচার মেশিনের টায়ার দেবে গেছে। পাম্প করাতে হবে। ওই শ্রমিক তাকে টায়ার মাথায় করে কিছুটা সামনে রিকশার গ্যারেজে নিতে বলেন। ইব্রাহিম গাঁইগুঁই করলেও ধমক খেয়ে টায়ার মাথায় নিয়ে নেয়। তবে পাম্প করার পর টায়ারের ওজন দেখে ফেরার সময় কোনোভাবেই তা মাথায় বহন করতে রাজি হচ্ছিল না ইব্রাহিম। একটা রিকশা নিতে অনুরোধ করে সে। কিন্তু ওই শ্রমিকের আবার ধমকে টায়ার তার মাথায় তুলে দেন। ছোট্ট দেহের তুলনায় ভারী টায়ার মাথায় নিয়ে দুই কদমও হাঁটতে পারেনি ইব্রাহিম। সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। নাক-মুখ দিয়ে রক্ত গড়াতে থাকে।

পরে পরিবারের অন্যদের কাছ থেকে ইব্রাহিম জানতে পারে, রাস্তায় সে পড়ে ছিল অনেকক্ষণ। অন্য শ্রমিকেরা পরে তাকে অজ্ঞান অবস্থায় নারায়ণগঞ্জের মিজমিজির বাসায় পৌঁছে দেন। সন্ধ্যায় স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জ্ঞান ফেরার পর ইব্রাহিম দেখে, তার শরীরের কোনো অংশেই সাড় নেই। হাত-পা এক চুল পরিমাণও নাড়াতে পারছে না। সেই রাতেই মেরুদণ্ডে অস্ত্রোপচার হয় তার। সাড়ে তিন মাস থাকতে হয় হাসপাতালে। এরপর থেকে ছয় বছর ধরে অস্ত্রোপচার, ওষুধপত্র, ঘা, হুইলচেয়ার, ট্রলি আর সেই সঙ্গে বিষণ্নতা আর পরিবারের অবহেলাকে সঙ্গী করেই চলছে ইব্রাহিমের জীবন।

চিকিৎসকেরা জানান, বয়সের তুলনায় ভারী ওজন নেওয়ায় মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই তার কোমর থেকে পা পর্যন্ত অসাড় হয়ে গেছে। বাকি জীবন ইব্রাহিমকে হুইলচেয়ারে করে কাটাতে হবে। তবে যাদের কারণে টলে গেছে ইব্রাহিমের জীবন, তাদের বিরুদ্ধে কখনো আইনি ব্যবস্থা নেয়নি ইব্রাহিমের পরিবার। চিকিৎসার সময় তাদের কাছ থেকে হাজার দশেক টাকা অর্থ সাহায্য জুটেছিল শুধু।

শিশু ইব্রাহিমের কিশোর ও এরপর তরুণ হয়ে ওঠা-একমাত্র সঙ্গী হয়ে আছেন তাঁর মা সুফিয়া বেগম। সন্তানকে বাঁচাতে এক সুফিয়ার লড়াই নিয়েই হয়তো রচিত হতে পারে এক উপাখ্যান।

গত পাঁচ বছরে বহুবার কথা হয়েছে মা সুফিয়ার সঙ্গে। এই প্রতিবেদককে তিনি জানান, প্রথম অবস্থায় চিকিৎসায় খরচ হয় ৮০ হাজার টাকা। এরপর বাসায় নিয়ে যাওয়ার পর কোমর থেকে পায়ের বিভিন্ন স্থানে ঘা (প্রেশার শোর, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিরা নড়াচড়া করতে না পারায় এই শোর হয়) হওয়া শুরু করে। একজনের কাছে শুনে সিআরপিতে নিয়ে আসেন। কয়েক হাজার টাকা আর রক্তের প্রয়োজন হয় ইব্রাহিমের। তিনি ছুটে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানের ১০-১২ জন শিক্ষার্থী ইব্রাহিমের কথা শুনে সিআরপিতে আসেন। প্রথম অবস্থায় প্রয়োজনীয় টাকা আর রক্ত দেন ওই শিক্ষার্থীরা। টানা ১৯ মাস সিআরপিতে ছিল ইব্রাহিম। তবে ছেলেকে নিয়ে দীর্ঘ লড়াইয়ে কারও কাছ থেকে লম্বা সময় ধরে সাহায্য পাওয়া যায় না, সেটা বুঝে সুফিয়া শুরু করেন বুয়ার কাজ। সিআরপিসহ এর-তার কাছ থেকে বিভিন্ন সময়ে পাওয়া টাকা নিয়ে গ্রামে একটি মুদি দোকান করেছেন ইব্রাহিমের জন্য। তবে টাকার ঘাটতি পড়ে প্রায়ই। এ কারণে দোকানের জন্য নিয়মিতভাবে পণ্য কিনতে পারেন না।

সিআরপির চিকিৎসাসেবা শাখার প্রধান ডা. সাঈদ উদ্দীন হেলাল প্রথম আলোকে বলেন, মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত রোগীদের এখানে ভর্তি করা হয়। মেরুদণ্ডের এ সমস্যা ট্রমাটিক, অর্থাৎ আঘাতজনিত হতে পারে। আবার ননট্রমাটিক, যেমন টিউমার বা অন্যান্য রোগের কারণে হতে পারে। প্রত্যেক রোগীর ক্ষেত্রে পুনর্বাসনসহ চিকিৎসার তিন মাসের একটি কর্মসূচি সাজানো হয়। রোগীর অপারেশন, ওষুধ, থেরাপি, তিন বেলা খাওয়া, রোগীকে নিজে থেকে চলাফেরা করার উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এখানে ভর্তি হওয়া বেশির ভাগ রোগীই দরিদ্র পরিবারের। ভর্তি করার সময় এই তিন মাসের জন্য যে পরিমাণ অর্থ লাগবে, তা রোগীকে জানানো হয়। রোগীরা যতটুকু দিতে পারেন দেন। বাকিটা মওকুফের জন্য সিআরপির সমাজকল্যাণ বিভাগের কাছে আবেদন করতে পারেন। ওই বিভাগ কতটুকু মওকুফ করতে পারবে, তা জানায়।

ইব্রাহিম প্রসঙ্গে ডা. সাঈদ উদ্দীন বলেন, ‘ইব্রাহিম এখানের বেশ পুরোনো রোগী। বাড়ির লোকজনের সঠিক যত্নের অভাবে তার ঘা বেশ খারাপ অবস্থায় চলে যায় প্রায়ই। এবারও তার কোমরের ঘা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি নিজেই অপারেশন করেছি। আশা করা যায়, অল্প কিছুদিনের মধ্যে ঘা শুকিয়ে যাবে, সে বাড়ি ফিরতে পারবে।’

ইব্রাহিম তো এখানেই থাকতে চান জানিয়ে ডা. সাঈদ উদ্দীন হেলাল বলেন, ‘সিআরপির ধারণক্ষমতা ১০০। এরপরও রোগীর চাপে বাড়তি ২০টি আসন দেওয়া হয়েছে। এখানে কাউকে স্থায়ীভাবে রাখা যৌক্তিক নয়। আমরা চাই, রোগী তাঁর এমন শারীরিক অবস্থার মধ্যেই যেন চারপাশের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে পারেন। সিআরপি ইব্রাহিমের গ্রামের বাড়িতে একটি দোকান করে দিয়েছিল। কিন্তু ইব্রাহিমের বয়স কম, সুস্থও নয়। পরিবার তার প্রতি তত আন্তরিক নয়। এ জন্য দোকানটিও ইব্রাহিমের জন্য খুব কাজে আসছে না বলে শুনেছি। পরিবারের মধ্যে কেউ একজন দায়িত্ব নিলে ভালো হতো।’

পরিবারের অন্যদের অবহেলার কারণে ছেলের প্রতি আরও বেশি টান অনুভব করেন মা সুফিয়া। যেভাবেই হোক, ইব্রাহিম যেন বেঁচে থাকেন-এই প্রার্থনা করেন। প্রথম আলোকে বলেন, ‘ইব্রাহিম আগে ব্যথায়-যন্ত্রণায় এমুন চিক্কুর করত, কানতে কানতে আমি বাইরে আইসা খাড়ায় থাকতাম। ওর বাপে কয়, মইরা যাক। ইব্রাহিমও কয়, মা, মন চায় গলায় গামছা প্যাঁচাইয়া মইরা যাই। আমার বুকের ভিতর ধক কইরা উডে। এক পোলা হারাইছি। ইব্রাহিমরে হারাইতে চাই না।’