টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চা-বাগানগুলোতে কর্মরত কর্মচারীদের একমাত্র ট্রেড ইউনিয়ন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন পরাজিত সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী। গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ফলাফল প্রত্যাখ্যান করে তাঁরা শ্রম অধিদপ্তরের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোছাদ্দেক মেলা। এতে তিনি বলেন, নির্বাচন-পূর্ব বিভিন্ন অনিয়ম, নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষপাতমূলক আচরণ, প্রশ্নবিদ্ধ ভোটার তালিকায় ভোট গ্রহণ এবং কোনো কোনো কেন্দ্রের ভোট গণনা ছাড়াই মনগড়া ফলাফল ঘোষণা করা হয়েছে।সভাপতি পদপ্রার্থী ও সংগঠনের বর্তমান সভাপতি মাহবুব রেজা বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের দিন কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া চা-বাগান কেন্দ্রে তাঁদের এজেন্টদের বের করে দিয়ে ভোট জালিয়াতি করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম লস্কর (কুলাউড়া উপজেলার ফুলতলা চা-বাগানের গুদাম ক্লার্ক) মুঠোফোনে বলেন, টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের এবারের নির্বাচন বিগত সময়ের চেয়ে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয়েছে।