টি-টোয়েন্টির টিকিট বিক্রির টাকা নিয়ে উধাও, বিক্ষোভ
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রির টাকা নিয়ে মেহেরপুর থেকে দুই বিক্রয় প্রতিনিধি উধাও হয়ে গেছেন। এ ঘটনায় ক্রিকেটামোদীরা বিক্ষোভ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার মেহেরপুর অগ্রণী ব্যাংক শাখায় শতাধিক ক্রেতা টিকিট সংগ্রহ করতে গিয়ে বিক্রয় প্রতিনিধিদের পাননি। এ সময় তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে ব্যাংকের ভেতরে ঢোকার চেষ্টা করলে কর্তৃপক্ষ ব্যাংকের গেট বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শহিদুর রহমান নামের এক ক্রেতা জানান, প্রতি টিকিটের জন্য ৮০০ টাকা হিসাবে দুটি টিকিটের জন্য ব্যাংকের ভেতরে অবস্থানরত ওমর আলী ও লিটন শেখকে টাকা দেন তিনি। বুধবার টিকিট দেওয়ার কথা থাকলেও ্যাংকে গিয়ে ওই দুই প্রতিনিধিকে পাওয়া যায়নি।
মেহেরপুর অগ্রণী ব্যাংক প্রধান শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, টিকিট বিক্রির সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্ক নেই। ভারতের ব্রিকটি এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের দুই প্রতিনিধি টিকিট বিক্রির কাজে যুক্ত ছিলেন।