
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বিঘ্ন ঘটাতে না পারে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা রক্ষার দায়িত্ব যেমন বিসিবি, পুলিশ ও প্রশাসনের, তেমনি স্থানীয় জনগণেরও।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খেলা চলাকালে যাতে কোনো অঘটন না ঘটে, সেদিকেও বিশেষ দৃষ্টি রাখতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সিলেট নগরের উপকণ্ঠে লাক্কাতুরা চা-বাগানঘেরা সিলেট বিভাগীয় স্টেডিয়াম দেশের প্রথম গ্রিন গ্যালারিসমৃদ্ধ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। এই স্টেডিয়ামেও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে ক্ষমতায় আসে, দেশের জন্য তাদের কোনো মায়া থাকে না। স্বাধীনতাবিরোধীরা যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ আর হানাহানি-কাটাকাটি চায় না। তারা এখন শান্তি চায়। শান্তিই উন্নতি দেয়। তিনি বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, তারা যখন ক্ষমতায় ছিল, তখন খাম্বা লিমিটেড করে শুধু খাম্বা ব্যবসা করেছে। এখনো খাম্বাগুলো সড়কের ধারে পড়ে আছে। তারা এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারেনি। বরং কমেছে।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ একটি জঙ্গিবাদী সন্ত্রাসী দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠেছিল। আমরা ক্ষমতায় এসে সে অপবাদ থেকে দেশকে মুক্ত করতে সক্ষম হয়েছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হবে আর ২০৪১ সালের মধ্যে বিশ্বের বুকে একটি উন্নত দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করবে। তিনি বলেন, ‘আমরা গত পাঁচ বছরে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করেছি। আমরা বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২৪ হাজার মেগাওয়াটে নিয়ে যাব।’
সিলেট বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এ এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও বিসিবির সভাপতি নাজমুল হাসান। এ সময় প্রধানমন্ত্রীকে সঞ্চারক উপহার তুলে দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী।
এর আগে প্রধানমন্ত্রী দুপুর ১২টা ১০ মিনিটে বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে গিয়ে অবস্থান করেন। জোহরের নামাজের পর তিনি হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।