টি-শার্ট উৎসব শেষ হলো
রাজধানীর আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে ‘টি-শার্ট জীবনের চলমান ক্যানভাস’ শিরোনামে আয়োজিত বাংলাদেশ টি-শার্ট উৎসব গতকাল রোববার শেষ হয়েছে।দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উত্সবে ৭৪টি ফ্যাশন হাউস অংশ নেয়। অধিকাংশ ফ্যাশন হাউসই উৎসব উপলক্ষে নতুন ডিজাইনের টি-শার্ট তৈরি করে।গতকাল উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠানে জনপ্রিয় লেখক আনিসুল হক বলেন, ‘১৯৮৭-৮৮ সালের দিকে বঙ্গবাজারে সেই সময়কার টি-শার্টগুলো দেখিয়ে ডিজাইনার ইউসুফ রেজা বলেছিলেন, দেশীয় এই নান্দনিক পোশাক একদিন ব্যাপক জনপ্রিয়তা পাবে। সত্যিই টি-শার্টের জনপ্রিয়তা এখন ব্যাপক।’ খ্যাতিমান কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য ডিজাইনারদের ঋতুভেদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন ডিজাইনের টি-শার্ট তৈরি করার পরামর্শ দেন। এতে আরও বক্তব্য দেন আজিজ সুপার মার্কেট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি মো. আলমগীর।গত বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। উৎসব প্রাঙ্গণে প্রতিদিনই টি-শার্টের ওপর আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। চার দিনব্যাপী এই উৎসবের সহযোগিতায় ছিল প্রথম আলো ও এবিসি রেডিও।