প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট সফল করার জন্য সবার, বিশেষ করে তরুণসমাজের সহযোগিতা কামনা করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ আন্তর্জাতিক টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে তিনি এ সহযোগিতা চান। খবরবাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট সফল করে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার জন্য যুবসমাজসহ সবার সহযোগিতা কামনা করছি।’
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত ভিভিআইপি প্যাভিলিয়নে স্থাপিত জমকালো মঞ্চ থেকে এ আন্তর্জাতিক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
শেখ হাসিনা বলেন, এবার সরকার গঠনের পর দেশবাসীকে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের বর্ণাঢ্য আসর উপহার দেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁদের গত মেয়াদের সরকারের সময় ২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের বিরল গৌরব অর্জন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন যে আমাদের সরকারের সময়েই ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়। ১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়। পরের বছরই আমরা পাই টেস্ট খেলার মর্যাদা, যা আমাদের জন্য বড় অর্জন।’
শেখ হাসিনা বলেন, ক্রিকেটের সর্বশেষ সংস্করণ টি-২০ ক্রিকেটকে দিয়েছে গতিময়তা ও করেছে আরও রোমাঞ্চকর এবং যা তরুণদের করেছে আন্দোলিত।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিশ্বকাপের এ আসর পৃথিবীর সেরা খেলোয়াড়দের নৈপুণ্যের নিদর্শন হিসেবে দর্শকদের স্মৃতিতে রয়ে যাবে অনেক দিন। তিনি এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান।
মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানেরা, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, খেলোয়াড় এবং অংশগ্রহণকারী দলগুলোর সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।