স্কুল খুলে গেছে, বাচ্চাদের টিফিন তো দিতেই হবে। স্কুল থেকে ফিরেও তাদের চাই নাশতা। তাদের মনের মতো খাবারের কয়েক রকম রেসিপি দিয়েছেন ফারজানা হালিম হাই
টিং টিং টিফিনে
হটডগ

উপকরণ: লম্বা বান রুটি ১টি, মুরগির কিমা ৪ টেবিল চামচ, ধনেপাতার কুচি ১ চা-চামচ, ব্রেড ক্রাম্ব ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, ফেটানো ডিম ২ টেবিল চামচ, টমেটো সস ১ চা-চামচ, মাখন আধা চা-চামচ, মেয়োনেজ ১ চা-চামচ।
প্রণালি: টমেটো সস, মাখন, মেয়োনিজ ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আঠালো এ মন্ডটাকে হটডগের সমান করে একটা লম্বা খোল আকৃতি দিতে হবে। এটা ফ্রিজে রেখে দিতে হবে খানিকটা সময়। এবারে টমেটো সস, মেয়োনিজ ও মাখন একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার হটডগ বানানোর বান রুটি ছুরি দিয়ে চিরে তাতে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। ফ্রিজে রাখা হটডগ রোলটা বের করে তেলে মচমচে করে ভেজে নিতে হবে। এবার বানের মধ্যে রোল ভরে পরিবেশন। রোলটা ঘরে বানাতে না পারলে বাজার থেকে সসেজ কিনেও ব্যবহার করা যাবে।
ওটস ড্রিংক

উপকরণ: ওটস ২ চা-চামচ, আমন্ড ৪টি, কিশমিশ ৫টি, মধু আধা থেকে ১ চা-চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, পানি ১ গ্লাস পরিমাণ।
প্রণালি: সব কটি উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে নিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিতে হবে। এর সঙ্গে পছন্দমতো খাবার রং যোগ করে নিতে পারেন। তারপর ফ্রিজে রেখে দিতে হবে। শিশু স্কুলে যাওয়ার সময় ফ্লাস্কে ঢুকিয়ে দিতে হবে।
ডিমের কাবাব

উপকরণ: মাঝারি আকৃতির সেদ্ধ আলু ২টি, সেদ্ধ ডিম ১টি, গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ, লবণ ও বিট লবণ পরিমাণমতো, ব্রেডক্রাম্ব পরিমাণমতো।
প্রণালি: ডিম ছাড়া আলুর সঙ্গে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিতে হবে। এবার সেদ্ধ ডিমটাকে আলুভর্তা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে তেলে বাদামি করে ভেজে নিলেই হবে।
কাস্টার্ড

উপকরণ: কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ, ঘন করে গোলানো দুধ ২ কাপ, ডিম ১টি, ফল (আপেল, আনার, নাশপাতি, আঙুর) টুকরো কেক সামান্য, জ্যাম ১ চা-চামচ।
প্রণালি: চুলার মৃদু আঁচে দুধ জ্বাল দিতে হবে। এরপর তাতে ফেটানো ডিম মিলিয়ে নিতে হবে। এ সময় ঘন ঘন নাড়তে হবে। এর সঙ্গে কাস্টার্ড পাউডার পানিতে গুলে মিশিয়ে নিন হবে। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে এলে তাতে ফল দিতে হবে। এবার একটি লম্বা পাত্রে অর্ধেকটা মিশ্রণ ঢেলে দিন। কেকের দুই পাশে জ্যাম লাগিয়ে সেটি কাস্টার্ডের মিশ্রণের ওপর বসিয়ে দিতে হবে। তারপর বাকি মিশ্রণ ঢেলে দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে এলে পরিবেশন করা যাবে।
ভাজা মুরগি

উপকরণ: মুরগির রান ৪টি, পাখা ৬টি, টক দই আধা কাপ, টমেটো কেচাপ ১ টেবিল চামচ, চিনি আধা চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, ডিম ফেটানো ১টি, ব্রেড ক্রাম্ব ২ টেবিল চামচ।
প্রণালি: ব্রেড ক্রাম্ব ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মুরগির সঙ্গে মেখে ফ্রিজে রেখে দিতে হবে। খাওয়ার সময় ব্রেড ক্রাম্বে গড়িয়ে তেলে ভেজে নিলেই হলো।
ফ্রায়েড রাইস

উপকরণ: পোলাওর চাল ১ কাপ, ছোট করে কাটা মুরগি ও চিংড়ি আধা কাপ, ফেটানো ডিম ১টা, কিউব করে কাটা গাজর-বরবটি-পেঁপে-পটল আধা কাপ, কিউব করে কাটা পেঁয়াজ আধা কাপ, মাখন ১ চা-চামচ, তেল ৩ চা-চামচ, সয়াসস ১ চা-চামচ, কাঁচা মরিচ ১টি, লবণ ও গোলমরিচ পরিমাণমতো।
প্রণালি: চাল ও সবজি ভালোভাবে ধুয়ে আলাদা পাত্রে আধা সেদ্ধ করে নিতে হবে। এবার পাত্রে তেল দিয়ে ডিমটাকে ঝুরি ভাজি করে উঠিয়ে নিতে হবে। পাত্রে আবার তেল ও মাখন দিয়ে তাতে পেঁয়াজ, মুরগি ও চিংড়িগুলো ২ মিনিটের মতো ভেজে নিতে হবে। এতে সবজি ও লবণ ছেড়ে দিয়ে আবার ১ মিনিট নাড়তে হবে। এর সঙ্গে ডিমের ভাজা মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে তারপর ভাতগুলো দিয়ে দিতে হবে। এর সঙ্গে সয়াসস মিশিয়ে ৩ থেকে ৪ মিনিট ভেজে নামানোর আগে গোলমরিচের গুঁড়া ও কাঁচা মরিচ দিতে হবে। চাইলে চালের পরিবর্তে নুডলসও দিতে পারেন। এর সঙ্গে ভাজা মুরগি ও ডিমের কাবাব দিয়ে পরিবেশন করতে পারেন।