টিঅ্যান্ডটির কর্মকর্তাসহ দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বর্তমানে বিটিসিএল) এক কর্মকর্তাসহ দুজনকে পাঁচ বছর করে কারাদণ্ড ও ৩২ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম নগরের আগ্রাবাদ তার ও টেলিফোন বোর্ডের সাবেক বিভাগীয় প্রকৌশলী কামরুল আলম ও উচ্চমান সহকারী মো. হোসেন। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, চেক জালিয়াতি করে ৬৪ লাখ টাকা আত্মসাৎ করেন আসামিরা। ৩৬ হাজার টাকা খরচ হলেও সেটিকে ৭ লাখ ৩৬ হাজার টাকা লিখে এভাবে নয়টি চেকের মাধ্যমে ৬৪ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেন তাঁরা। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক এ কে এম নুরুল হুদা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। জরিমানার টাকা পরিশোধ না করলে দুই আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে তা আদায়ের জন্য নির্দেশ দেন আদালত।