কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অসময়ে সরব আর সময়ে নীরব থাকে। অসত্য তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করে থাকলে টিআইবিকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। বাংলাদেশে কেউ কৈফিয়তের ঊর্ধ্বে নয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউটে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সহসভাপতি রফিকুল আনোয়ারের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ‘যাঁরা সাংসদ ও রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে এত কথা বলেন, তাঁদের কাছে জানতে চাই, ওয়ান-ইলেভেনের পর যাঁরা ক্ষমতায় এসেছিলেন, তাঁরা কি দেবদূত? ওই সময় টাকার বিনিময়ে কাদের মামলা উঠে গেছে তাঁরা (টিআইবি) জানেন না। এখন বলছেন সাংসদদের সহিষ্ণু হতে হবে, বিচলিত হলে চলবে না। আমরা বিচলিত নই।’চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সাংসদ মোশাররফ হোসেন।