টিআইবি, ঘরের শত্রু বিভীষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) ঘরের শত্রু বিভীষণ উল্লেখ করে দুদক বলেছে, তারা বিশেষ কারও এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচনায় মূলত টিআইবিকে এভাবে সমালোচনা করা হয়। রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত এ সভার মূল প্রতিপাদ্য ছিল ‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’। কিন্তু বেলা ১১টায় শুরু হয়ে বেলা একটা পর্যন্ত আলোচনায় মূলত টিআইবির কার্যক্রম ও দুদকের সমালোচকদের কথার জবাব দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও কঠোর সমালোচনা করা হয়। অনুষ্ঠানে বলা হয়, দুর্নীতিবিরোধী পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে দুদক ভূমিকা রাখছে।
দুদকের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা সংস্থাটির অন্যতম শীর্ষ নির্বাহী মো. সাহাবুদ্দিন বলেন, ‘সম্প্রতি টিআইবি গ্লোবাল কনসেপ্টে প্রতিবেদন প্রকাশ করেছে। টিআইবি এখান থেকে যা পাঠিয়েছে, সেটাই আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হয়েছে। সদর দপ্তরে যা পাঠানো হয়েছে, তা প্রকৃত চিত্রের বিপরীত।’
সাহাবুদ্দিন বলেন, ‘আমি নির্দ্বিধায় ও নিঃসংকোচে বলতে পারি, এ প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করছে। সুতরাং আমি কি বলতে পারি না, তারা আমাদের ঘরের শত্রু বিভীষণ?’
টিআইবির উদ্দেশে সাহাবুদ্দিন বলেন, ‘দুদকের প্রতি জনগণের মনোভাব একরকম। আপনাদের অন্য রকম। আপনাদের আমরা বন্ধু ভাবি। কারণ, দুদক গঠন ও আইন প্রণয়নে আপনাদের ভূমিকা ছিল। আমরা অকৃতজ্ঞ নই। কিন্তু আমাদের বিরুদ্ধে অকারণে কোনো কথা বললে প্রতিবাদ করার অধিকারও আছে।’
পরে এ বিষয়ে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্য অবশ্যই আছে। সেটা হলো বাংলাদেশে দুর্নীতিবিরোধী আইন কার্যকর এবং পরিবেশ বিকশিত হোক। দুদকের মতো প্রতিষ্ঠান কার্যকর হোক, এটাই চাই আমরা। কিন্তু তাঁরা যখন আমাদেরকে এ ধরনের কথা বলেন, তখন আমরা বিব্রত হই।’
অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দুদকের উদ্দেশে বলেন,‘সমালোচনায় ভীত হবেন না। ক্ষুব্ধ হবেন না।’ দৃশ্যমান শাস্তির ব্যবস্থা না হলে মানুষ দুদকের প্রতি আস্থা হারাবে বলে মন্তব্য করেন তিনি। তবে তিনি বলেন, টিআইবি নিজেদের আন্তর্জাতিক মানদণ্ডের দাবি করলেও ধারণা থেকে প্রতিবেদন প্রকাশ করে। বিচার বিভাগ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে ২০১০ সালে প্রকাশিত টিআইবির একটি প্রতিবেদনের বরাত দিয়ে খায়রুল হক বলেন, ‘একজন প্র্যাকটিসিং লইয়ার এবং প্রধান বিচারপতি হিসেবে আমিও জানতাম বিচার বিভাগে কিছু কিছু জায়গায় দুর্নীতি হয়। আমি চেয়েছিলাম টিআইবির ওই প্রতিবেদনের আলোকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এ জন্য কয়েকজন বিচারপতিকে নিয়ে একটি টিমও গঠন করেছিলাম। কিন্তু টিআইবি সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত দিতে ব্যর্থ হয়। তারা বলে, এই প্রতিবেদন ধারণা থেকে তৈরি। এটা হতে পারে না। এটা আশ্চর্যজনক। এটা উচিত না।’
এ বিষয়ে ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এটি একটি অভিজ্ঞতালব্ধ জরিপ। বিচার বিভাগ থেকে যখন আমাদের কাছে তথ্য চাওয়া হয়েছে, তখন আমরা বলেছি, প্রতিষ্ঠান হিসেবে আমরা তদন্ত করি না, সে ম্যান্ডেটও আমাদের নেই। প্রতিবেদনে আমরা গবেষণার তথ্য তুলে ধরেছি। আর জরিপের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্যদাতার নাম প্রকাশ করা যায় না।’
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও কঠোর সমালোচনা করেন দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, আপনি (খালেদা জিয়া) ব্যঙ্গ করে দুদককে দুর্নীতি কমিশন, দায়মুক্তি কমিশন বলছেন। এ ধরনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন।’ তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমরা চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আপনাদের আমলে দুর্নীতিকে আপনারা চোখে দেখেননি। আপনারা সেটাকে আলমারিতে আটকে রেখেছিলেন। আপনার বিরুদ্ধে ভৈরব সেতু নিয়ে দুর্নীতির মামলা হয়েছে। ওই মামলা থেকে আপনাকে অব্যাহতি দিয়েছে দুদক। এ ক্ষেত্রে দুদক আপনাকে দায়মুক্তি দিয়েছে, তা তো আপনি বলেন না।’
অনুষ্ঠানে দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ, সচিব মাকসুদুল হাসান খান প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা অনুষ্ঠানের আগে সকালে দুদকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে অংশ নেয়।