টিআইবি জনমনে সংশয় সৃষ্টি করছে: চিফ হুইপ
সংসদে কতবার অসংসদীয় ভাষা ব্যবহৃত হয়েছে এটা গণনা না করে জনগণের সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তাঁর অভিযোগ, সংসদ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে টিআইবি জনমনে সংশয় সৃষ্টি করছে। সাংসদদের ইচ্ছাকৃতভাবে অসম্মান করা হচ্ছে।
গতকাল সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন। এর আগে রোববার এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি বলেছিল, দশম সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনে ১০৩ কার্যদিবসে সংসদের ভেতরে ও বাইরে থাকা প্রতিপক্ষকে আড়াই হাজারবার কটূক্তি বা অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়। টিআইবির বক্তব্যের জবাব দিতে চিফ হুইপ এই সংবাদ সম্মেলন ডাকেন।
আ স ম ফিরোজ বলেন, দেশের ১৬ কোটি মানুষের অনেক সমস্যা রয়েছে। সে বিষয়ে টিআইবির কোনো গবেষণা নেই। সংসদের কোন সদস্য কতবার অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন, এটা গণনা করা একটি প্রতিষ্ঠানের কাজ হতে পারে না। তিনি বলেন, সংসদের কোরাম সংকটের কারণে অর্থ অপচয়ের যে হিসাব টিআইবি দিয়েছে, তা মনগড়া।
চিফ হুইপ দাবি করেন, ‘বিদেশি প্রভুদের’ অর্থ হালাল করতে টিআইবি তুচ্ছ বিষয় নিয়ে পানি ঘোলা করছে। সংস্থাটি সব সময় নেতিবাচক গবেষণা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সাংসদদের হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে হুইপ শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।