টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন আকবর আলি খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান। আজ রোববার টিআইবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ নভেম্বর বোর্ডের ৭৮তম সভায় সর্বসম্মতিতে তাঁকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। নতুন সদস্য হিসেবে গতকাল শনিবার বোর্ডের ৭৯তম সভায় যোগ দেন তিনি।

আকবর আলি খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ও কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মধ্য দিয়ে তিনি সরকারি চাকরি জীবন শুরু করেন এবং মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর প্রবাসী সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি কিছুদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তী সময় বাংলাদেশ সরকারের প্রশাসনিক উচ্চপর্যায়ে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনের পর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২০০১ সালে অবসর নেন।

টিআইবির ট্রাস্টি বোর্ড সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, মহাসচিব সেলিনা হোসেন এবং কোষাধ্যক্ষ মাহফুজ আনাম। অন্য সদস্যরা হলেন তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, হাফিজউদ্দিন খান, রোকেয়া আফজাল রহমান,  এ টি এম শামসুল হুদা ও সৈয়দ মনজুরুল ইসলাম।