টিআইবি তির্যক রিপোর্ট দেয়: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাপা মহাসচিব এইচ এম এরশাদ। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাপা মহাসচিব এইচ এম এরশাদ। ছবি: ফোকাস বাংলা

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে টিআইবির সমালোচনা প্রসঙ্গে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, টিআইবি সব সময় তির্যক রিপোর্ট দেয়।
আজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, ‘সংসদে তোমরা আমার বক্তব্য শুনেছ। আমরা সরকারের পক্ষে কথা বলি নাই। টিআইবির রিপোর্ট সত্য নয়। আমরা সংসদে বলেছি, দেশে সুশাসনের অভাব। খুন-জখম বেড়ে গেছে। প্রতিকার নাই। ফেনী, নারায়ণগঞ্জে খুনের ঘটনা আমরা তুলে ধরেছি।’ তিনি বলেন, ‘বিরোধী দলের ভূমিকা যদি সংসদ বর্জন করা হয়, মাইক ভেঙে ফেলা হয়, অশ্রাব্য গালাগাল করা হয়, তবে সে ভূমিকায় আমরা বিশ্বাস করি না।’
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি এত দিন মৃত ছিল। এখন জেগে উঠেছে। এগিয়ে চলছে।’ তিনি বলেন, ‘বিএনপির নাম-নিশানা বলতে কিছু নেই। তারা সংসদে নেই, রাস্তায় নেই। শুধু টেলিভিশনে বিবৃতিতে হুমকি দিচ্ছে।’
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন, মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জহিরুল আলমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।