টিআইবি বন্ধ করা ঠিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) বন্ধ করা ঠিক হবে না বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। গতকাল রোববার সকালে দুদকের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদে টিআইবি নিয়ে সমালোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. বদিউজ্জামান বলেন, ‘টিআইবি নিয়ে সংসদ কী বলেছে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’ সংসদীয় কমিটির সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, ‘টিআইবির কিছু কিছু কার্যক্রম আপত্তিকর। তবে তারা যেহেতু সারা পৃথিবীতে নানা ধরনের কার্যক্রম চালায়, সে জন্য টিআইবি বন্ধ করা মনে হয় ঠিক হবে না।’
এরপর দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘শপথ গ্রহণ ও আলোচনা সভায়’ সভাপতির বক্তব্যে দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, ‘আমাদের কাজে সফলতার পাশাপাশি ব্যর্থতাও রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।’ তিন শতাধিক তদন্ত কর্মকর্তা দিয়ে দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয় জানিয়ে দুদকের চেয়ারম্যান বলেন, এত কমসংখ্যক কর্মকর্তা দিয়ে দুর্নীত প্রতিরোধ কীভাবে সম্ভব?
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণই হচ্ছে সুশাসনের প্রধান শর্ত। সুশাসন নিশ্চিত করার জন্য দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন, কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ, দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মো. শামসুল আরেফিন, ফরিদ আহমেদ ভূঁইয়া, জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, ২১ নভেম্বর দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিন সাপ্তাহিক ছুটি থাকায় গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।