জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বর্তমানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিএনপি-জামায়াতের মুখপত্র হিসেবে কাজ করছে। গতকাল শনিবার নাটোরের লালপুর উপজেলা চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফজলে রাব্বী মিয়া বলেন, সংসদ নিয়ে সম্প্রতি টিআইবির প্রকাশিত তথ্য অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সংস্থাটির কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, ‘প্রভুদের কথায় না চলে, দেশের জন্য কাজ করুন।’ শেখ হাসিনার সরকার যখন দেশকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন কিছু দেশি ও আন্তর্জাতিক মহল দেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্ব, জাতীয় ও আন্তর্জাতিক অর্জন’ শীর্ষক আলোচনা সভায় আরও বক্তব্য দেন লালপুর-বাগাতিপাড়া আসনের সাংসদ আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস, জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ।