টিআইবি বিএনপির অঙ্গসংগঠনে পরিণত হয়েছে: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মনে করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিএনপির অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। তিনি বলেন, টিআইবি কোনো রাজনৈতিক দল নয়, একটি গবেষণা সংস্থা। অনেকেই প্রশ্ন তোলেন, গবেষণার জন্য তারা এত টাকা কোথায় পায়? সচিবালয়ে গতকাল মঙ্গলবার ঢাকায় নবনিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকারার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন পক্ষপাতিত্বপূর্ণ ও উদ্দেশ্যমূলক বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, জাতীয় সংসদে কোরাম-সংকট নিয়ে টিআইবির অভিযোগও সত্য নয়। বিশ্বের বড় বড় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনার কথা বললেও টিআইবি কিছু বলে না বলে মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত আমাদের তারিফ করে। কিন্তু টিআইবি করে না। জাতীয় সংসদে বিএনপির নাম কতবার উচ্চারিত হয়, সেগুলো নিয়েও কথা বলে টিআইবি। অবস্থাদৃষ্টে মন হয়, টিআইবি বিএনপির অঙ্গসংগঠনে পরিণত হয়েছে।’
টিআইবি বিএনপির আমলে যা করত এখনো তাই করছে, টিআইবির কাজের ধরনে তো কোনো পরিবর্তন আসেনি, সাংবাদিকেরা এ বিষয়টি তুলে ধরলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পরিবর্তন তো একটু হয়েছেই। তারা গবেষণা করছে, এত টাকা কোথায় পাচ্ছে? সংসদে কোরাম-সংকট বললেই হয়ে গেল? টিআইবি মধ্যবর্তী নির্বাচনের জন্য কাজ করছে, যা কখনোই হবে না।’
বাণিজ্যমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলন ও জঙ্গি হামলা চালিয়ে কিছু করতে না পেরে বিদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে। ইতালি ও জাপানের নাগরিককে হত্যা, তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা—এগুলো একই সূত্রে গাঁথা। আইএস বলে কিছু নেই। কাজগুলো করেছে জামাত-শিবিরের লোক।
এদিকে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের বিদেশি নাগরিক হত্যা নিয়ে ‘অতি রিঅ্যাকশন’ না দেখাতে বলেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দুজন বিদেশি নাগরিক হত্যা হয়েছে। আমি কূটনীতিকদের এ বিষয়ে অতি রিঅ্যাকশন (অতি প্রতিক্রিয়া) দেখাতে না করেছি। কারণ, এতে দুষ্কৃতকারীরা উৎসাহিত হয়। তারা মনে করে, বিদেশি মারলে বেশি খবর (নিউজ হয়) প্রকাশিত হয়।’
দুই বিদেশি হত্যাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে তোফায়েল বলেন, বিশ্বের অনেক উন্নত দেশেই এ ধরনের হত্যাকাণ্ড ঘটে থাকে। এর জন্য সতর্কতা জারি করা হয় না।