টিআইবি সীমা লঙ্ঘন করেছে: শেখ সেলিম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্যকে ‘এখতিয়ার-বহির্ভূত’ বলে আখ্যায়িত করেছেন শেখ সেলিম। আজ বুধবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের এই সদস্য বলেন, টিআইবি সীমা লঙ্ঘন করেছে।
শেখ সেলিম বলেন, টিআইবিকে যে কাজের জন্য অনুমতি দেওয়া হয়েছে, সেজন্য যে টাকাগুলো আসে, সেই টাকা জঙ্গি, সন্ত্রাসী পালনে খরচ হয় কি না, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয় কি না, এনজিও ব্যুরো সেটা তদন্ত করে দেখুক।
খালেদা জিয়ার সুরে টিআইবি কথা বলছে, অভিযোগ করে শেখ সেলিম বলেন, ‘টিআইবি আজগুবি কথা বলছে। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি। পাঁচ বছরই থাকব। টিআইবি কাদের খুশি করার জন্য এসব কথা বলছে, আমার জানা নেই। শুধু তা-ই নয়, সংসদে নাকি বিরোধী দল নেই। এই তো আমার সামনে বিরোধী দল, বিরোধীদলীয় নেতা বসে আছেন। তারা চোখ থাকিতে অন্ধ।’
সংসদ নির্বাচন সম্পর্কে শেখ সেলিম বলেন, ‘সরকারের তো দায়িত্ব নয় নির্বাচন করা। বিএনপি আসেনি, তাই নির্বাচন করতে হবে। এরপর জাতীয় পার্টি আসবে না, নির্বাচন করতে হবে। এরপর জাসদ আসবে না, নির্বাচন করতে হবে। সংবিধানে সংসদের মেয়াদ পাঁচ বছর। রোজ কিয়ামত পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্ট হবে না। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে।’ বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘নাকে খত দিয়ে সেই নির্বাচনে আসার প্রস্তুতি নিন।’
শেখ সেলিম বলেন, টিআইবি একটি এনজিও। তাদের কাজ দুর্নীতি সম্পর্কে সবাইকে সচেতন করা, রাজনৈতিক বক্তব্য দেওয়া তাদের কাজ নয়। যদি রাজনীতি করার এত খায়েশ থাকে, তাহলে ১৯ দলে যোগ দিয়ে ২০ দল হন। একটি সার্বভৌম সংসদ নিয়ে এ ধরনের কথা বলে তারা সীমা লঙ্ঘন করেছে।
বিগত সংসদের উদাহরণ টেনে শেখ সেলিম বলেন, ৪১৮ কর্মদিবসের মধ্যে খালেদা জিয়া মাত্র ১০ দিন উপস্থিত ছিলেন। সুবিধা নিয়েছেন এক কোটি টাকার বেশি। তাতে লজ্জা করেনি? যে বিরোধী দল সংসদে আসে না, সেই বিরোধী দল দরকার নেই। টিআইবির বক্তব্য সম্পর্কে স্পিকারের রুলিং দাবি করেন শেখ সেলিম।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, টিআইবির বক্তব্য জাতির জন্য হতাশাজনক।
উল্লেখ্য, নবম সংসদের ১৯টি অধিবেশনের কার্যদিবসের কার্যক্রম ও স্থায়ী কমিটির কাজের ভিত্তিতে তৈরি করা একটি প্রতিবেদন গতকাল মঙ্গলবার সকালে প্রকাশ করে টিআইবি। গবেষণাধর্মী ওই প্রতিবেদনে বলা হয়, নবম সংসদে কোরাম-সংকটের কারণে ২২২ ঘণ্টা ৩৬ মিনিট সময় নষ্ট হয়েছে। এর আর্থিক মূল্য প্রায় ১০৪ কোটি টাকা। সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন হলেও টিআইবির প্রতিবেদন বলছে, গতবার মোট সময়ের শতকরা মাত্র ৮ দশমিক ২ ভাগ ব্যয় হয়েছে আইন প্রণয়নের জন্য।
পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, টিআইবির বক্তব্যে সংসদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, ‘বিএনপি যখন মানুষ মারছিল, পেট্রলবোমা মারছিল, তখন কেন আপনারা কথা বলেননি? সেদিন তো আপনারা চুপ ছিলেন। সংসদীয় গণতন্ত্রে এটা হতে পারে না।’
বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী বলেন, ‘আমরা নতুন সংস্কৃতি গড়তে চাই। সরকারের সঙ্গে এক হয়ে কাজ করতে দেশ গড়তে চাই।’ তিনি প্রশ্ন করেন, ‘বিরোধী দল মানে কি সংসদে কাগজ ছুড়ে মারা? সংসদে না এসে কোটি কোটি টাকা নেওয়া?’