জাতীয় সংসদকে ‘পুতুলনাচের নাট্যশালা’ বলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশকে (টিআইবি) ক্ষমা চাইতে বলেছে আওয়ামী নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। তা না হলে টিআইবির বিরুদ্ধে ‘জনমত গড়ে তোলা’ এবং ‘যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া যায় সেভাবে’ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জোটটি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘টিআইবি সংসদের প্রতিটি সদস্যকে অপমান করেছে। সংসদ নিয়ে তারা অমার্জনীয়, গর্হিত ভাষা উচ্চারণ করেছে। এটা কোনো রাজনৈতিক দলের পক্ষেও বলা সম্ভব না। তারা বিএনপি-জামায়াতের চেয়েও জঘন্য। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলব, কারা টিআইবিকে অর্থায়ন করে, তা খুঁজে বের করতে হবে।’ টিআইবির প্রতিবেদনে নতুন নির্বাচন প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘টিআইবি নতুন নির্বাচন চেয়েছে। কে তাদের এ অধিকার দিয়েছে?’
সমশের মবিনের বিএনপি থেকে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘কে ইন হলো কে আউট হলো, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। বিএনপি থেকে কি বেরিয়ে আসার মিছিল শুরু হয়ে গেছে?’
স্থানীয় নির্বাচনে ১৪ দল একত্রে থাকবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘১৪ দল একটি সুখী পরিবার। বর্তমানে একসঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব।’
এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ১৪-দলীয় জোটের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের আহ্বায়ক রেজাউর রশীদ খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের মহাসচিব আবদুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।