টিআইবিকে প্রমাণসহ অভিযোগ উপস্থাপনের আহ্বান নাসিমের

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) সুনির্দিষ্ট প্রমাণসহ দুর্নীতির অভিযোগ উপস্থাপনের জন্য আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এবং সেবার মান বৃদ্ধি’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘স্বাস্থ্য খাত নিয়ে টিআইবি’র প্রতিবেদন পৃঙ্খানুপুঙ্খভাবে পড়ে দেখা হচ্ছে। মন্ত্রণালয় থেকে তাঁদের কাছে এই প্রতিবেদনের ব্যাখ্যা দেওয়া হবে। টিআইবিকেও রিপোর্টের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে প্রমাণসহ অভিযোগ পেশ করতে আহ্বান জানানো হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া যায়, তবে এ ধরনের ঢালাও প্রতিবেদন প্রকাশ করে কী লাভ?
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘টিআইবির প্রতিবেদন ঢালাওভাবে করা হলেও সরকারের বিপক্ষের রাজনৈতিক নেতা-নেত্রীরা সরকারের উন্নয়নকে ম্লান করে দেওয়ার অস্ত্র হিসেবে একে ব্যবহার করছে। এটা বরদাশত করা যায় না।’ প্রতিবেদন তৈরির সময় মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের কারও মন্তব্য নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তবে প্রতিবেদন উপেক্ষা না করে মন্ত্রণালয় এর উত্তর দেবে ও সুপারিশগুলো বিবেচনা করে ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, সেপ্টেম্বরে প্রায় ৬ হাজার ৫০০ চিকিৎসক নিয়োগ ও পদায়ন করা হয়েছে স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে। বড় কোনো অভিযোগ ওঠেনি। এর আগে প্রায় ৩ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়েছে। কোনো প্রশ্ন ওঠেনি।
আজ বৈঠকে মহাখালীতে বেদখলে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের জমি উদ্ধারে শিগগিরই অভিযান শুরুর সিদ্ধান্ত হয়। হাসপাতাল-সংলগ্ন সাততলা বস্তি, ঢাকা শিশু হাসপাতাল-সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশও দেওয়া হয়েছে গতকাল। রাজধানীসহ সারা দেশের সব সরকারি হাসপাতালের আশেপাশের পরিবেশের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হকসহ বিভিন্ন হাসপাতালের পরিচালকেরা উপস্থিত ছিলেন।